‘পাঠাগারের আদর্শ থাকতে হবে, যা পাঠককে টানবে’
দেশে পাঠাভ্যাস তৈরিতে সরকারি পাঠাগারের সঙ্গে বেসরকারি পাঠাগারও কাজ করছে। এসব বেসরকারি পাঠাগারের সংখ্যা সরকারির চেয়ে ২৭ গুণ বেশি। বেসরকারি এসব পাঠাগার নিজস্ব বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে চললেও স্বাবলম্বী নয়।
পাঠাগারগুলোকে স্বাবলম্বী হতে হবে। পাশাপাশি পাঠাগারের নিজস্ব বক্তব্য ও আদর্শ থাকতে হবে যা পাঠককে পাঠাগারমুখী করবে, বইয়ের দিকে টানবে।
শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের শহীদ বাকী স্মৃতি পাঠাগারে ‘পাঠাভ্যাস তৈরিতে বেসরকারি পাঠাগারের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন আলোচকেরা। ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে শহীদ বাকী স্মৃতি পাঠাগার।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর বলেন, পাঠাভ্যাস তৈরিতে দেশের বেসরকারি পাঠাগারগুলোর ভূমিকা আছে। পাঠাগারগুলোকে সক্রিয় করতে নানা কার্যক্রম নেওয়া হয়েছে। জাতীয় গ্রন্থাগারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। তিনি বলেন, পাঠাগার নিয়ে যেমন হতাশা আছে, তেমনি আশার আলোও আছে। চিন্তা, কাজ ও উদ্ভাবনের দিক থেকে পাঠাগারগুলোকে স্বাধীন হতে হবে।
সভাপতির বক্তব্যে শহীদ বাকী স্মৃতি পাঠাগারের চেয়ারম্যান মো. জুলফিকার হোসেন বলেন, পাঠক যেন গ্রন্থাগারমুখী হয় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। কারণ, পাঠাভ্যাসই সমাজে আলোকিত মানুষ গড়ে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কবি ও গ্রন্থাগার বিষয়ক গবেষক কাজী আলিম-উজ-জামান বলেন, দেশে পাঠাগারের ১৫০ বছরের ইতিহাস দেখলে বোঝা যায়, পুরোনো পাঠাগারগুলোর নিজস্ব বক্তব্য ও আদর্শ ছিল বলে পাঠক আসত। এখন যা অনুপস্থিত। এদিকে নজর দিতে হবে। তিনি বলেন, বেসরকারি পাঠাগারগুলো কারও মুখাপেক্ষী হলে চলবে না। এসব পাঠাগারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। কারণ, স্বাবলম্বী হলেই পাঠাগারগুলো নিজের কথা বলতে পারবে।
সেমিনার থেকে বলা হয়, দেশে সরকারি পাঠাগার ৭১টি। আর বেসরকারি পাঠাগার ১ হাজার ৯৬৫টি। সরকারি পাঠাগারগুলোর জন্য গেল বছরে বরাদ্দ ১ কোটি টাকা ছিল। আর বেসরকারিগুলো চলছে ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সম্পাদক আনিসুল হোসেন। তিনি বলেন, হিসাব করলে দেখা যায়, বই পড়ার জন্য মাথাপিছু সরকারি বরাদ্দ ৬০ পয়সা। আর বেসরকারি পাঠাগারে কোনো বরাদ্দই নেই। পাঠাগারে আর্থিক সহায়তার এ চিত্রই বলে দেয়, পাঠক তৈরি বা পাঠাগার নিয়ে এ দেশে চিন্তা করাও কঠিন।
সেমিনারে লালবাগের গ্রন্থ বিতান লাইব্রেরির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, পাঠাগারে অনেকে পিঠা উৎসব করে। তবু সাধারণ মানুষকে পাঠাগারমুখী করা যায় না। পাঠক বাড়াতে প্রতিটি পাঠাগারকে সাংস্কৃতিক দল গঠন করতে হবে। এসব দল বইকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নিয়ে পাঠক তৈরি করতে পারবে।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা শহীদ বাকি স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন। এই সেমিনার থেকে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হলো, বেসরকারি পাঠাগারগুলো নিয়ে সরকারি উদ্যোগে বছরব্যাপী কর্মসূচির আয়োজন করা এবং স্থানীয় বোধসম্পন্ন ও প্রভাবশালী ব্যক্তিদের পাঠাগারের সঙ্গে যুক্ত করা।
সেমিনারে উপস্থিত ছিলেন গানের দল জলের গানের শিল্পী আবু বকর সিদ্দিকী, পল্লীমা সংসদের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক আউয়াল কামরুজ্জামান ফরিদ, বুক মার্কের অন্যতম কর্ণধার আবু ফয়সাল আহমেদ, উত্তরা পাবলিক লাইব্রেরির সভাপতি মো. তারিকুজ্জামান খান, অনির্বাণ পাঠাগারের সাধারণ সম্পাদক মো. হানিফ, বেরাইদ পাঠাগারের সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার প্রমুখ।