পাথরকুচির পাতা থেকে বিদ্যুৎ
পাথরকুচির পাতা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সেই বিদ্যুৎ দিয়ে বাতি জ্বালানো, পাখা ঘোরানো এমনকি টেলিভিশন চালানোও সম্ভব। এতে খরচও পড়বে কম। নতুন এই প্রযুক্তির উদ্ভাবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল আলম খান বলেন, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে অবকাঠামো খাতে ব্যয় হবে প্রায় পাঁচ কোটি টাকা। গতকাল মঙ্গলবার ‘পাথরকুচি পাতা থেকে উৎপন্ন বিদ্যুতের ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এই সেমিনারের আয়োজন করে।কামরুল আলম খান ২০০৮ সালে পাথরকুচির পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেন। পরে তিনি শিল্প মন্ত্রণালয় থেকে মেধাস্বত্বের (প্যাটেন্ট) নিবন্ধনও করেন। সেমিনারে কামরুল আলম পাথরকুচির পাতা থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ক্ষুদ্র আকৃতির বাতি, পাখা, এসি পাখা, রেডিও, সাদাকালো টেলিভিশন চালিয়ে দেখান। তিনি বলেন, প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে পাথরকুচির বিদ্যুৎ দিয়ে পর্যায়ক্রমে বিজ্ঞান অনুষদসহ গোটা বিশ্ববিদ্যালয়কে আলোকিত করতে পারবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ পাথকুচির পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করার আশ্বাস দেন।