পানি, বিদ্যুৎ, গ্যাসের পাশাপাশি মধ্য পীরেরবাগের সমস্যা গাঁজা
পানি, বিদ্যুৎ ও গ্যাস রাজধানীর মধ্য পীরেরবাগ এলাকার মানুষের পুরোনো সমস্যা। এ সমস্যা চলছে এক বছরের বেশি সময় ধরে। তবে এলাকাবাসী মনে করেন, এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না। গতকাল রোববার প্রথম আলোর প্রতিনিধির কাছে এলাকার মানুষ জানতে চান, এসব সমস্যার আদৌ কোনো সমাধান আছে কি না।মধ্য পীরেরবাগের আল্লাহর দান ফার্মেসির মালিক কথার ফাঁকে বলেন, ‘এলাকায় পানির সংকট তীব্র। তবে শিমুলতলায় নতুন পানির পাম্প বসছে। মনে হয় পানির সমস্যা দূর হবে।’ কিন্তু বিদ্যুৎ আর গ্যাসের সমস্যার কী হবে তা তাঁর জানা নেই।‘পানি, বিদ্যুৎ, গ্যাসের সমস্যা ঢাকা শহরে কমবেশি সবার। এটা নতুন কোনো সমস্যা নয়। এলাকায় অন্য কোনো সমস্যা আছে?’—এই প্রশ্নের জবাব দেন ওষুধ কিনতে আসা রায়হান।রায়হান এই এলাকারই যুবক। জানালেন, তিনি পাবনা গলিতে থাকেন, পেশায় গাড়িচালক। জাতীয় শোক দিবসের ছুটি থাকায় তাঁকে গতকাল কাজে যেতে হয়নি।রায়হান বলেন, এলাকার সব চেয়ে বড় সমস্যা গাঁজা। ছোট-বড়, ছাত্র-অছাত্র বহু মানুষ গাঁজার নেশায় অভ্যস্ত। তাঁর অভিযোগ, একজন ব্যক্তি এলাকায় গাঁজার ব্যবসা নিয়ন্ত্রণ করেন। তবে সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করে কোনো লাভ হয়নি।রিফাত স্টোরের মালিক এলাকার সমস্যা বলতে বোঝেন পানি, বিদ্যুৎ আর গ্যাসের সমস্যা। তিনি এই প্রতিবেদককে বলেন, এলাকায় বখাটে ‘পোলাপানের’ উৎপাত নেই। ছাত্রীরা নিরাপদে স্কুলে যেতে পারে। গভীর রাতে পথ চলতেও কোনো সমস্যা হয় না।গাঁজার ব্যাপারে প্রশ্ন করতেই গলার স্বর তাঁর নিচু হয়ে যায়। বলেন, ‘আগে ছিল, এখন আর তেমন নেই।’দেখা গেল, একটি দর্জির দোকানে তিনজন পোশাক তৈরির কাজে ব্যস্ত। তাঁরা এক ঘণ্টা কাজের পর এক ঘণ্টা বেকার থাকেন। বিদ্যুৎ থাকে না বলে সেলাইযন্ত্র চলে না। এতে তাঁদের উপার্জন কম হচ্ছে। তাঁরা যে মেসে থাকেন, সেখানে পানির খুব কষ্ট।তাঁরাও গাঁজার ব্যাপারে কথা বলতে চান না। একজন বললেন, গাঁজার ব্যাপারে তাঁদের কাছে কিছু জিজ্ঞেস না করাই ভালো।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, ওই এলাকায় গাঁজার ব্যবহার ঢাকার অন্যান্য এলাকার তুলনায় একটু বেশিই। গত মাসে মধ্য পীরেরবাগে মাদকসংক্রান্ত তিনটি মামলা হয়েছিল, যার দুটি গাঁজা উদ্ধারসংক্রান্ত।এলাকা ঘুরে দেখার সময় ছোট-বড় চারটি পুকুর চোখে পড়ে। রায়হান জানালেন, সবচেয়ে বড় পুকুরটিতে যুবকেরা মাছের চাষ করেন। পুকুরপাড়ে একটি বেঞ্চি দেখিয়ে বললেন, এখানে বসে বিচার-আচার হয়। তাঁদেরই একটি সংঘ বিচার করে। তবে এই এলাকায় মশার উপদ্রব বেশি হওয়ার প্রধান কারণ এসব পুকুর। তবে মশা মারার কোনো উদ্যোগ কেউ নেয় না।সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার রাস্তাঘাট মোটামুটি ভালো। একটি নতুন রাস্তা নিয়ে মানুষের অভিযোগ। গত পাঁচ মাসে রাস্তার কাজ শেষ হয়নি। রাস্তায় পানি জমে থাকে। চলাচলে অসুবিধা। পাড়ার মধ্যেই দেখা দেয় যানজট।