পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
অবিলম্বে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করে নাগরিক সমস্যা সমাধানের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি, নারায়ণগঞ্জ বিএনপি, কমিউনিস্ট পার্টি, ১১ দল ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পৃথক কর্মসূচি পালন করে এসব দাবি জানায়। এদিকে ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী সার্বিক সমস্যা সমাধানে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা গতকাল শনিবার পানি, বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবিলার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ আহ্বান জানান। আজকের এই পরিস্থিতি জোট সরকারের আমলে তৈরি অভিযোগ করে তাঁরা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এর সমাধান না করলে জনবিস্ফোরণ ঘটার আশঙ্কা আছে। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা নগর সম্পাদক আবুল হোসাইন ও জসিম উদ্দিন। এ ছাড়া যুবমৈত্রী, ছাত্রমৈত্রী ও গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে।বিএনপির নারায়ণগঞ্জ শাখার নেতারা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে নেতারা নাগরিক দুর্ভোগের জন্য সরকারকে দায়ী করে অবিলম্বে এই দুর্ভোগ লাঘবে ব্যর্থ হলে লংমার্চ করে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার হুমকি দেন।মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, জাহাঙ্গীর আলম, এ টি এম কামাল প্রমুখ। বক্তারা বলেন, সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে শহরাঞ্চলে সংকট তৈরি হয়েছে বললেও সেচকাজে যথেষ্ট বিদ্যুৎ দিতে পারছে না সরকার। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য না দিয়ে সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তাঁরা।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ রোববার বিকেলে তারা পানি, বিদ্যুৎ ও গ্যাসসংকট সমাধানের দাবিতে নাখালপাড়া শহীদ মিনারে সমাবেশ ও মিছিল করবে। বিজ্ঞপ্তি।