পানি আইনের খসড়ায় জনমত দেওয়ার সময় বাড়ানোর দাবি
প্রস্তাবিত পানি আইনের ওপর জনসাধারণের মতামত দেওয়ার সময় কমপক্ষে দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে পানি অধিকার ফোরাম। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে।জাতীয় পানি নীতি ১৯৯৯ বাস্তবায়নের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় ‘বাংলাদেশ পানি আইন, ২০১২’-এর একটি খসড়া প্রণয়ন করেছে। এই খসড়ার ওপর জনগণের মতামত চেয়ে ৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফোরামের সদস্য এবং পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এই বক্তব্যে পানির প্রাপ্যতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির প্রস্তাবকে সমর্থন করা হয়েছে। খসড়ায় আইন বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব স্পষ্ট হয়নি। জাতীয় পানিসম্পদ পরিষদ নামে নীতিনির্ধারণী পরিষদ এবং জাতীয় পানিসম্পদ পরিষদের নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে আইনের উদ্দেশ্য এবং অন্য বিধানাবলির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিষদ কিংবা নির্বাহী কমিটির দায়িত্ব প্রস্তাব করা হয়নি। খসড়ায় সরকারকে পানি-সম্পর্কিত ট্রাইব্যুনাল স্থাপনের ক্ষমতা দেওয়া হলেও এরূপ ট্রাইব্যুনালের গঠন, উদ্দেশ্য কিংবা পরিচালনা পদ্ধতি স্পষ্ট করা হয়নি। একই সঙ্গে আপিল কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব বিষয়টিকে আরও অবোধগম্য করেছে। পানি ব্যবস্থাপনায় স্থানীয় সরকার, সমাজভিত্তিক সংগঠন এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে ফোরাম। খসড়া অনুযায়ী পানিসম্পদ পরিকল্পনা সংস্থা অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো সংস্থা সার্বিকভাবে এই আইন প্রয়োগকারী, সমন্বয়কারী ও ব্যবস্থাপক হিসেবে কাজ করবে। এই প্রস্তাব আইনটির প্রয়োগে প্রয়োজনীয় প্রশাসনিক আয়োজনের ক্ষেত্রে সরকারের দিকনির্দেশনার অভাব স্পষ্ট করে তুলেছে। খসড়াটিতে ন্যূনতম পানি প্রাপ্যতার অধিকার স্বীকার করা হয়নি। নদী থেকে খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে বিধানাবলি (ধারা ২৪(৩)) স্পষ্ট নয়। এ ক্ষেত্রে নদীর প্রতিবেশ রক্ষায় বালুমহাল বা পাথরমহাল ঘোষণার ক্ষেত্রে অনুসরণীয় বিষয়াবলির তালিকা সংযোজন প্রয়োজন। খসড়ায় পানি সংকটাপন্ন এলাকা চিহ্নিত করার বিধান রাখা হলেও সংকটাপন্ন এলাকা ঘোষণার প্রক্রিয়া কিংবা সংকট উত্তরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা নেই। সংকটাপন্ন এলাকায় পানি বরাদ্দে অগ্রাধিকারের বিধানও নেই।নদীর ভাঙন রোধে কিংবা ভূমি পুনরুদ্ধারের জন্য নদ-নদীর এক বা একাধিক শাখা বন্ধ বা ভরাট করার যে প্রস্তাব করা হয়েছে, সে ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণের কোনো বিধান রাখা হয়নি।অনুষ্ঠানে সমন্বয়ক ছিলেন ফোরামের সমন্বয়কারী এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। আলোচনায় অংশ নেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নিজেরা করির জ্যেষ্ঠ কর্মকতা রেজানুর রহমান ও ইনসিডিন বাংলাদেশের রফিকুল আলম।