পানি জমে থাকার তথ্য দিলে ওষুধের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত যাবে: মেয়র তাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা ম্যাচ কলোনি এলাকায় যান মেয়র শেখ ফজলে নূর তাপস। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ছবি: সংগৃহীত

আক্রান্ত হওয়ার আগেই ডেঙ্গু মশার লার্ভা সম্পর্কে তথ্য দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, তথ্য দিলে সেখানে গিয়ে ওষুধ ছিটানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আজ বুধবার দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সিটির ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঢাকা ম্যাচ কলোনি এলাকার জলাবদ্ধতা ঘুরে দেখেন মেয়র।

এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ফজলে নূর তাপস বলেন, ‘আমরা তো মানুষের ছাদে উঠতে পারি না। আপনারা যদি লক্ষ করেন যে ছাদে কোথাও পানি জমে আছে। আপনি যদি নিজে পরিষ্কার না করতে পারেন, আমাদের জানান। আমরা এসে পরিষ্কার করে দেব।’

করোনা মহামারির মধ্যে সম্প্রতি ঢাকায় মশাবাহিত রোগী ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব চললেও ২০১৯ সালে ব্যাপকভাবে এ রোগ ছড়ায়। সে সময় সরকারি হিসাবে লাখের বেশি মানুষ আক্রান্ত ও দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। এরপর সমালোচনার মুখে ঢাকায় মশকনিধনে ব্যাপক কার্যক্রম চালায় দুই সিটি করপোরেশন। গত বছর পরিস্থিতি ভালো থাকলেও এবার করোনা মহামারির মধ্যে আবার সেই ডেঙ্গু নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে।

নগরবাসীর উদ্দেশে মেয়র তাপস বলেন, ‘আপনারা যদি লক্ষ করেন যে কোনো প্রতিবেশীর আঙিনায় পানি জমে আছে এবং আপনারা যদি তাকে দিয়ে পরিষ্কার না করাতে পারেন, তাহলে আমাদের জানান। আমরা কাউন্সিলরসহ উপস্থিত হব, আমাদের ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হবে।’

আজ বুধবার ঢাকা ম্যাচ কলোনি এলাকার জলাবদ্ধতা পরিদর্শনে মেয়র ফজলে নূর তাপস।
ছবি: সংগৃহীত

মশকনিধনে পূর্ণশক্তি নিয়োগ করা হয়েছে বলে দাবি করেন মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমাদের কীটনাশক আছে। আমাদের জনবল আছে। আমাদের যন্ত্রপাতি আছে। আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে। নিষ্ঠাও আছে।’

নগরবাসীকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘এত বিস্তীর্ণ এলাকা, এত বড় এলাকায় ঘরে ঘরে গিয়ে এটা সম্ভব নয়। তাই আমাদের তথ্য দিন। রোগী হওয়ার আগেই তথ্য দিন। রোগী হওয়ার পর হাসপাতাল থেকে তথ্য নিয়ে লাভ হয় না। কারণ, তখন কিন্তু মশার প্রজনন হয়ে যায়। তাই প্রজননের আগে লার্ভা পর্যায়ে থাকতেই তথ্য দিন।’

এরপর মেয়র তাপস দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ঢাকা মহানগর শিশু হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালটি আধুনিকায়ন করার ঘোষণা দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও মুনসী আবুল হাশেম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।