পানি জমে থাকে সব সময়

খিলগাঁও এলাকার বেশির ভাগ রাস্তায় ধুলা উড়ছে। তবে খিলগাঁও এবং গোড়ানের সংযোগস্থল তিন রাস্তার মোড়টি এই শুষ্ক মৌসুমেও দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে আছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দুই ওয়ার্ডের সীমানায় পড়ায় কোনো কাউন্সিলরই এর দায়িত্ব নিচ্ছেন না। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
গতকাল সোমবার খিলগাঁও এবং গোড়ান এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের কোথাও ফুটপাতের কাজ, কোথাও নালা তৈরির কাজ, কোথাও ওয়াসার কাজ চলছে। তবে গোড়ান বাজার ও খিলগাঁওয়ের সংযোগস্থল তিন রাস্তার মোড়ে পানি জমে আছে। এর কিছু দূরেই খিলগাঁও তিলপাপাড়ার ১৯, ২০ ও ২১ নম্বর গলি। এগুলোর মধ্যে ২০ নম্বর গলির মুখেই কালো পানি জমে আছে। ব্যক্তিগত গাড়ি ও বড় গাড়ি চলাচল করার সময় ছোট ছোট ঢেউ হয়ে সেই পানি পথচারীদের পায়ে লাগছে। গলি দিয়ে চলাচলকারী লোকজন হাঁটার সময় এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করছেন।
নাক চেপে গলি পার হচ্ছিলেন সেলিনা সুলতানা। তিনি বলেন, ‘ড্রেনের ময়লা পানিগুলো সরছে না। অনেক দিন থেকে এভাবে জমে আছে। এগুলোতে মশাও হচ্ছে।’
গোড়ান বাজার মোড়ের পরেই সেকান্দার গলি। এই গলিতেও ময়লা পানি ও আবর্জনা জমে থাকতে দেখা যায়। গোড়ান তিন রাস্তার মোড়ে দোকান করছেন রাশিদা বেগম। তিনি নিজেকে এই সড়কের ভুক্তভোগী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘স্বামীকে নিয়ে ২০ বছর ধরে এই মোড়ে মোকছেদ স্টোর নামে এই দোকান চালাই। কিন্তু এবার ময়লা পানির জন্য দোকান চলছিল না। কয়েক মাস আগে নিজে থেকে তিন হাজার টাকার মাটি, ইট, সুরকি ফেলেছি। এখন জায়গা উঁচু হওয়ায় বসতে পারি।’
রাশিদা বেগমের সঙ্গে যোগ দেন এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেন। তিনি বলেন, এখানে সারা বছরই পানি জমে থাকে। এই তিন রাস্তার মোড়টি ১ ও ২ নম্বর ওয়ার্ডের সীমানায় পড়েছে। এ কারণে কেউই কাজ করে না। দুই কাউন্সিলরের ঠেলাঠেলিতে আমরা এলাকাবাসী বিপদে আছি।’
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললে তাঁরা জানান, গোড়ান বাজার যাওয়ার আগের এই মোড়ে ওয়াসার পানি কিংবা পয়োনিষ্কাশনের লাইনগুলো অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে এই রাস্তায় কোমরপানি জমে। সে সময় চলাচলের অবস্থা থাকে না। আর শুষ্ক মৌসুমেও এখানে বাসাবাড়ির পানি এসে জমে থাকে। দুর্গন্ধ ছড়ায়। খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের সামনের রাস্তায় এলাকার মানুষজন সুরকি ফেলেছেন। এ কারণে ওই রাস্তা উঁচু হয়ে তিন রাস্তার মোড় নিচু হয়ে গেছে। মোড়ের এই অবস্থা এলাকার কাউন্সিলররাও এসে দেখে গেছেন। তবে এখনো পানি সরানোর ব্যবস্থা হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান বলেন, ‘রাস্তায় পানি জমার পরিমাণ এখন অনেক কমে গেছে। এখানে ওয়াসার ড্রেনেজ বিভাগের একটি পাইপলাইন আছে। সেটি জ্যাম হয়ে গেছে। কয়েক দিন আগে কিছু কাজ হয়েছে, পুরোপুরি সমাধান করার চেষ্টা করছি। ঠিক হয়ে যাবে।’
ওয়াহিদুল হাসান আরও বলেন, ‘পানিগুলো জমে ১ নম্বর ওয়ার্ডে, কিন্তু নিষ্কাশন হয় ২ নম্বর ওয়ার্ডের ওয়াসার ড্রেন দিয়ে। এ কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ওয়াসার সঙ্গে সমন্বয় করে এর সমাধান করতে চেষ্টা করছি।’
ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।