পানি জমে রাস্তা নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে এলাকার নর্দমা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা মেরামত করা হয়েছে চার মাসও হয়নি। এরই মধ্যে তা-ও ভেঙে যাচ্ছে। বৃষ্টি হোক না হোক পানি জমে থাকছে। এর ফল ভোগ করছে যানবাহনের আরোহী ও পথচারীরা। রাজধানীর আর কে মিশন রোডের ছায়াবীথির গলিতে এই অবস্থা অনেক দিনের।

বহুতল ভবন নির্মাণকাজ চলার কারণে আগে থেকেই আর কে মিশন রোডের এই গলি ভাঙাচোরা ছিল। এলাকাবাসী ছাড়াও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে শিক্ষার্থীরা সমস্যায় পড়ত। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হতো। এলাকাবাসীর আবেদনের পর মাস চারেক আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই গলি মেরামত করে। তখন নর্দমাও পরিষ্কার করা হয়। কিন্তু ভবন নির্মাণ ও নির্মাণসামগ্রী রাখার কারণে নর্দমা আবার বন্ধ হয়ে যায়। রাস্তায় এখানে-ওখানে আবার পানি জমতে শুরু করে। পানি জমে থাকায় যানবাহন চলতে গিয়ে অল্প সময়ের মধ্যেই আবার ভাঙতে শুরু করে রাস্তাটি।

গত সোমবার এলাকায় গিয়ে দেখা যায়, ওই গলিতে একাধিক বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। নির্মাণসামগ্রী রাখা হয়েছে নর্দমার ওপর। স্থানীয় কয়েকজন দোকানি বলেন, বৃষ্টি হলে পানি জমে থাকার কারণেই রাস্তাটি একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। আবার বৃষ্টি না হলেও এসব ভবনের গৃহস্থালির পানি যাওয়ার পথ না পেয়ে রাস্তার ওপরই জমে থাকে।

গতকাল দুপুরে দেখা গেল, গলির উত্তর প্রান্তে অলিম্পিয়া কনফেকশনারির পার্শ্ববর্তী ভবনের সামনে নর্দমার কিছুটা অংশ দৃশ্যমান। এরপর পুরো দক্ষিণ প্রান্ত পর্যন্ত নর্দমা বলে আর কিছু নেই। খোলা নর্দমার ওপর দীর্ঘদিন বালু আর মাটি রাখার কারণে ওপরের মাটি শক্ত হয়ে গেছে। রুদ্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। ফলে বাসাবাড়ির ব্যবহৃত পানি রাস্তার ওপরই চলে আসছে। এখানে দুটি স্কুলের বহুতল ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ভবন দুটি নির্মাণের পুরো সময়ে রাস্তার ওপরই নির্মাণসামগ্রী রাখা ছিল।

বর্তমানে পুরোদস্তুর কাজ চলছে এলাকার ‘ওয়ান টু নাইনটি নাইন’ কমপ্লেক্সের উত্তর পাশে একটি বহুতল ভবনের। একতলা হয়ে গেছে। চলছে দোতলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি। ইট-পাথর সবই রাখা হয়েছে রাস্তার ওপর। যানবাহন ও পথচারী—সবাইকে চলতে হচ্ছে গা বাঁচিয়ে।

যোগাযোগ করা হলে ডিএসসিসির ৫ নম্বর অঞ্চলের পরিদর্শক ফরিদ আহমেদ বলেন, এভাবে নির্মাণসামগ্রী না রাখার জন্য বাড়ি নির্মাণকারীদের একাধিকবার নোটিশ করা হয়েছে। নির্মাণসামগ্রীও তুলে নেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদারের লোকজন কথা শোনে না।