পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়াসার নানা পদক্ষেপ
শুকনো মৌসুমে নগরের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১টি পানির গাড়ি, ১১টি ট্রাক্টর ও ৩০টি ট্রলি প্রস্তুত রাখবে ওয়াসা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুকনো মৌসুমে লোডশেডিংয়ের কারণে পানি সরবরাহে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ৫৩৯টি পানির পাম্প সচল রাখতে ২৩৩টি পাম্প স্টেশনে স্থায়ী জেনারেটর স্থাপন করা হয়েছে। এ ছাড়া জরুরিভাবে ব্যবহারের জন্য ৪৫টি মোবাইল জেনারেটর রয়েছে। সভায় জানানো হয়, এরই মধ্যে ডিপিডিসির পক্ষ থেকে ওয়াসার মোট ৫২টি পানির পাম্পে দ্বৈত বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া চলতি মাসের শেষে আরও ৫৮টি পানির পাম্পে দ্বৈত সংযোগ দেওয়া হবে। ওয়াসাকে ডেসকোর পক্ষ থেকে ১৮টি পানির পাম্পে দ্বৈত সংযোগ দেওয়া হয়েছে। এ মাস শেষে আরও ৪৬টি সংযোগ দেওয়া হবে।স্থানীয় সরকারসচিব মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিপিডিসি, ডেসকো, তিতাস গ্যাস, ঢাকা সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।