পানিতে দূষণের প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের উত্তরা লেকের পানিতে দূষণের প্রমাণ পেয়েছে। লেক দখল ও দূষণের জন্য দায়ী ব্যক্তি, ভবন ও প্রতিষ্ঠানের তালিকা পাঠানো ছাড়াও কার্যকর পদক্ষেপ নিতে রাজউককে অনুরোধ করেছে অধিদপ্তর।৮ মার্চ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ৩ নম্বর সেক্টরের ৫ নম্বর কালভার্টের কাছে উত্তরা লেকের পানির নমুনা সংগ্রহ করেন। ওই পানি পরীক্ষা করা হয়। গতকাল মঙ্গলবার পানি পরীক্ষার প্রতিবেদন মুনীর চৌধুরীর কাছে দাখিল করা হয়।ওই প্রতিবেদনে দেখা যায়, প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেন (ডিও) অত্যন্ত কম (০.৬) এবং বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) অত্যন্ত বেশি (১৫.০৭)। দূষণের এই তথ্য পর্যালোচনা করে অধিদপ্তর বলছে, উত্তরা লেকের পানিতে দ্রবীভূত অক্সিজেন ও বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের মাত্রা লেকের জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দূষিত এই পানিতে জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এমনকি জলজ প্রাণীর খাদ্যচক্র ধ্বংস হয়ে যায়। অক্সিজেনের নিম্নমাত্রা পানি দূষণের প্রধান কারণ।জানা যায়, ৭ মার্চ বুয়েটের সাবেক শিক্ষক আসাদুল্লাহ খানসহ উত্তরা লেকের কয়েকজন প্রবীণ বাসিন্দা মুনীর চৌধুরীর সঙ্গে দেখা করে লেকের দখল ও দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।প্রতিবেদন পাওয়ার পর গতকাল পরিবেশ অধিদপ্তর রাজউকের কার্যালয়ে উত্তরা লেক দখল ও দূষণের জন্য দায়ী ব্যক্তি, ভবন ও প্রতিষ্ঠানের তালিকা পাঠাতে এবং কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, লেকের দূষণ প্রতিরোধে শিগগিরই আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।