পানির অভাবে প্রতিবন্ধীদের তিন বিদ্যালয় বন্ধ
পানির অভাবে বন্ধ হয়ে গেছে মিরপুরের তিনটি প্রতিবন্ধী বিদ্যালয়। গত মে মাসে গ্রীষ্মের ছুটি দেওয়ার পর থেকে আর খোলেনি বিদ্যালয়গুলো। ফলে বছরের মাঝামাঝি সময় লেখাপড়া বন্ধ হতে চলেছে ওই তিন বিদ্যালয়ের চার শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীর। মিরপুর ১৪ নম্বর সেকশনের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ভেতরেই রয়েছে মানসিক প্রতিবন্ধী বিদ্যালয়, শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয় ও দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দেওয়া হয়।প্রতিবন্ধীদের শিক্ষাদানের জন্য ১৯৬২ সালে ফিজিক্যাল অ্যান্ড হ্যান্ডিকেপ ট্রেনিং সেন্টার (পিএইচটিসি) প্রকল্পের আওতায় রাজধানীর মিরপুরে আলাদা এই তিনটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৯২ সালে পিএইচটিসির ঢাকা কেন্দ্রটির কার্যক্রম জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র প্রকল্প হিসেবে পরিচালিত হতে থাকে। ২০০১ সাল পর্যন্ত বিদ্যালয় তিনটি পরিচালনা করত সমাজসেবা অধিদপ্তর। তবে ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এক সরকারি প্রজ্ঞাপনে বিদ্যালয়গুলোকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে দেয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই বিদ্যালয়গুলোতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের পাঠদান করা হয়। পানি না থাকায় বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা সেখানে থাকতে পারছিল না। সে কারণে আবাসিক শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। গত মে মাসে বিদ্যালয়গুলোতে গ্রীষ্মের ছুটি দেওয়া হয়। বিদ্যালয় খোলার কথা ছিল গত ৮ জুন। কিন্তু পানির অভাবে বিদ্যালয় আর খোলেনি। আবাসিক শিক্ষার্থীদের জন্য অনাবাসিক শিক্ষার্থীদেরও শিক্ষাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।জানা যায়, বিদ্যালয়ের হোস্টেলে প্রায় ১৩০ জন আবাসিক প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে। তাদের পানির ব্যবস্থা করার জন্য বিদ্যালয়ে নিজস্ব পানির পাম্প ছিল। ২০০১ সালে পাম্পটি নষ্ট হয়ে যায়। তার পর থেকে ওয়াসার একটি সংযোগ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানির ব্যবস্থা করা হচ্ছিল। গত মার্চে ওয়াসার ওই পাইপলাইন দিয়ে বিদ্যালয়ে পানি আসা বন্ধ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, নষ্ট পানির পাম্পটি সচল করার জন্য গত ৬ জুন সমাজসেবা অধিদপ্তরে অভিযোগ করা হয়। কিন্তু এক মাস পার হলেও পাম্প সচল করতে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সূত্র জানায়, তিনটি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা নিয়ে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সমাজসেবা অধিদপ্তরের মধ্যে বিরোধের কারণেই পানির সংকট মিটছে না। বিদ্যালয়গুলোর শিক্ষকেরা চান সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত হতে। আর প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চায় তারা নিয়ন্ত্রণ করতে। এ অবস্থায় কোনো সমস্যায় পড়লে সংস্থা দুটির কোনোটার কাছ থেকেই সহায়তা পায় না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ কারণেই নয় বছর ধরে বিদ্যালয় তিনটির পানির পাম্পটি নষ্ট হওয়ার পরও সেটি সচল করা কিংবা নতুন একটি পাম্প বসাতে কোনো ব্যবস্থাই নেয়নি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সমাজসেবা অধিদপ্তর। বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকেরা। কয়েকজন অভিভাবক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘পানির সংকটের কারণে বছরের মাঝামাঝি সময় বাচ্চাদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। গ্রীষ্মের বন্ধের পর এখনো বিদ্যালয় খোলেনি। সামনে শিক্ষা সমাপনী পরীক্ষা। কিন্তু ক্লাস না করার কারণে বাচ্চারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। ’পানির অভাবে বিদ্যালয় বন্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সিতাংশু সেন প্রথম আলোকে বলেন, ‘প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলো এখন আর অধিদপ্তর দেখে না। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এগুলোর তত্ত্বাবধান করে। তার পরও বিদ্যালয়ের পানি-সংকটের বিষয়ে খোঁজ নেওয়া হবে।’ জানতে চাইলে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নুরুল কবীর প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে পানির সংকট নিরসনে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৮৭ লাখ টাকা ব্যয়ে একটি গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এটি স্থাপনের পর পানির সংকট আর থাকবে না।’