পানির উৎসের দূষণ ও ভরাট বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসংকট মোকাবিলা ও পানির জোগান নিশ্চিত করতে নদী-নালা, খাল-বিল, পুকুর, জলাশয়ের মতো পানির উৎসস্থলগুলোর দূষণ প্রতিরোধ ও ভরাট বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার বিশ্ব পানি দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজিত সমাবেশ, সেমিনার, মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। ‘সুস্থ পৃথিবীর জন্য চাই বিশুদ্ধ পানি’ স্লোগান সামনে রেখে গতকাল বিশ্ব পানি দিবস পালিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের পানিসম্পদ খাত আজ দুর্নীতিতে আক্রান্ত। পানিসম্পদ ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বাংলাদেশের প্রতিবছর চার হাজার ৬২৩ কোটি টাকা ক্ষতি হয়। টিআইবির গবেষণার ফলাফল উল্লেখ করে জানানো হয়, পানিসম্পদ আইনের প্রয়োগ না হওয়া, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং স্বচ্ছতা ও দায়বদ্ধতা না থাকায় এটি অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে। মানববন্ধনে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আজহারুল হক, ওয়াটার এইডের পরিচালক এস আই জিন্নাহ অংশ নেন।কোকাকোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে ওঠা ইংরেজি মাধ্যম স্কুল জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা চিকিৎসকদের সঙ্গে নিয়ে গতকাল রায়েরবাজার বস্তি এলাকা পরিদর্শন করেন। এ সময় চিকিৎসকেরা বিশুদ্ধ পানি পান এবং পানি বিশুদ্ধকরণের বিভিন্ন উপায় ও পদ্ধতি সম্পর্কে বস্তিবাসীকে জানান। এ সময় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। এ দেশে কোকাকোলা ফারইস্ট লিমিটেডের ব্যবস্থাপক দেবাশীষ দেব নিরাপদ পানি ও সুস্বাস্থ্যের উন্নয়নে কোকাকোলার সঙ্গে জাগো ফাউন্ডেশনের কর্মকাণ্ড তুলে ধরেন।ডব্লিউবিবি ট্রাস্টের উদ্যোগে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে পানির উৎস সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে যাচ্ছে। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান। ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মারুফ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন গ্রি বেল্টের মহাপরিচালক জসিম কাতাবী, মানবিকের প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, উবিনীগের স্বাস্থ্য গবেষক রোকেয়া বেগম।