পানির কষ্ট, বিদ্যুতের যাওয়া-আসার যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সাড়ে ১১টা। দক্ষিণ কমলাপুরের বালুর মাঠে ঢাকা ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহে ব্যস্ত বিভিন্ন বয়সের বেশ কয়েকজন মানুষ। জার, কলসি, বাতলির সারি। এ দৃশ্য গত সোমবারের।
আলাপ করে জানা গেল, বেশির ভাগ মানুষ এসেছে পেয়াদাপাড়া থেকে। বয়োজ্যেষ্ঠ অলিউর রহমান বলেন, তাঁদের এলাকায় মাঝে মাঝেই পানি থাকে না। আর যে পানি আসে, তা পান করার অনুপযোগী। এ জন্য রোজা রেখেও পানি সংগ্রহে এসেছেন।
এদিকে রমজান মাসেও রাজধানীর অনেক এলাকায় মাঝে মাঝেই বিদ্যুৎ থাকছে না।
দক্ষিণ কমলাপুর বাজার এলাকার মেস থেকে বালুর মাঠ পাম্পে পানি সংগ্রহে এসেছেন আবদুল হাই। বললেন, ‘রমজান মাসে পানির সরবরাহ ঠিক থাকবে—এমনই খবর পড়েছিলাম। কিন্তু খাওয়ার পানি সংগ্রহ করতে এত দূরে আসতে হলো।’
রামকৃষ্ণ মিশনে পানির পাম্প থেকে নিয়মিতই পানি সংগ্রহ করে এলাকার বাসিন্দারা। রমজান মাসে ভিড় আরও বেড়েছে।
রাজধানীর পূর্বাঞ্চলীয় এলাকা বাসাবো, কদমতলা, আহম্মদবাগ, মুগদায় পানির সমস্যা; বিশেষ করে পানিতে ময়লা ও দুর্গন্ধের অভিযোগ করেছে বাসিন্দারা। কেউ কেউ নিজ উদ্যোগে জলাধারও পরিষ্কার করেছেন বলে জানিয়েছেন।
বাসাবোর কদমতলা ক্লাব পানির পাম্পে গিয়ে দেখা যায় জার হাতে বেশ কয়েকজন নারী-পুরুষ। সঙ্গে শিশু-কিশোরও। অনেকে সেখানে উপস্থিত না থাকলেও কলসি, প্লাস্টিকের ড্রাম, জারসহ পানি নিতে বিভিন্ন পাত্র সারিতে রেখেছেন। বিশুদ্ধ পানির জন্য মুগদার ওয়াপদা রোডের পাম্পে গতকালও বিভিন্ন বয়সের মানুষের ভিড় দেখা গেছে। সেখানে ভিড় করা মানুষের অতীতের মতোই অভিযোগ, ওয়াসার গ্রাহক হয়েও সারা বছর বিশুদ্ধ পানির জন্য তাদের ছোটাছুটি করতে হয়।
পুরান ঢাকার হেমন্ত দাস লেন, শিংটোলা, লক্ষ্মীবাজারের কিছু অংশ, নর্থব্রুক হল রোড, লালকুঠি, একরামপুর, ডালপট্টি মোড় এবং আশপাশের এলাকার কিছু কিছু অংশে পানির সমস্যার কথা জানা গেছে। ঢাকা ওয়াসার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, রমজান মাসে পানির সরবরাহ ঠিক রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি পাঠিয়ে বিনা মূল্যে সরবরাহও করা হচ্ছে। যেসব গলিতে পানিবাহী গাড়ি ঢোকে না, সেখানে ছোট ট্রলি ব্যবহার করা হচ্ছে।
বিদ্যুতের ভোগান্তি: চাহিদার তুলনায় ঢাকায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না—এমন অভিযোগ রয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি)। দায়িত্বশীল সূত্র বলেছে, বতর্মানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ডিপিডিসিকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়। প্রয়োজন আরও ৪০০ থেকে ৬০০ মেগাওয়াট।
শুক্র ও শনিবার বিদ্যুতের চাহিদা কম থাকে। কিন্তু ওই দুই দিনও বিভিন্ন স্থানে লোডশেডিং হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎবিভ্রাটের কারণে সমস্যা হয়েছে। শুক্রবার রাত সোয়া আটটা থেকে এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, রোববার টেলিভিশনে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দেখার সময় অন্তত তিন দফায় বিদ্যুৎ চলে যায়।
কে এম দাস লেন, ওয়ারী, নারিন্দা, লক্ষ্মীবাজার, রাজার দেউড়ি এবং আশপাশের এলাকায় দিনের বেলায়ই একাধিকবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। পেয়াদাপাড়া এলাকায় ঘন ঘন বিদ্যুতের যাওয়া-আসার ঘটনা ঘটছে। গত তিন দিনে বারবার বিদ্যুৎ যাওয়ার তথ্য পাওয়া যায় গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন, কর্ণফুলী মার্কেট, স্টেডিয়াম মার্কেটেও। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে জেনারেটর চালাতে হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এ বিষয়ে ডিপিডিসির পরীবাগে অবস্থিত স্কাডা থেকে বলা হয়েছে, ব্রেকডাউনের কারণে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছে। মাঝে মাঝে কোনো কোনো এলাকায় আবশ্যিক কারণে ১১ কেভি লাইনের ফিডার বন্ধ করে দিতে হয়। শনি ও রোববার ভোরের ঝড়-বৃষ্টির কারণেও অনেক স্থানে বিদ্যুতের ব্যবস্থা বন্ধ হয়ে যায়।