পানির কষ্টে জীবন পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীল রঙের পাইপের মাধ্যমে নেওয়া হয়েছে পানির অবৈধ লাইন। ছবি: অরূপ দত্ত
নীল রঙের পাইপের মাধ্যমে নেওয়া হয়েছে পানির অবৈধ লাইন। ছবি: অরূপ দত্ত

মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকে ২০ দিন ধরে পানির কষ্ট চলছে। তিন শতাধিক বাড়িতে শুধু গভীর রাতে বা ভোর রাতে কিছু সময়ের জন্য পানি আসে। পানির জন্য রাত জেগে অপেক্ষা করতে হয়। 

গতকাল বৃহস্পতিবার এলাকায় গিয়ে এ অবস্থার কথা জানা যায়। বি ব্লকের ১২ নম্বর সড়কের বাসিন্দারা ঢাকা ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। ওই সড়কের ১৪ নম্বর বাড়ির বাসিন্দা সৈয়দ আহমেদ জানান, সারাদিন বা সন্ধ্যার পরও পানি থাকে না। রাত ২টার সময়ও পানি আসে। তখন তাড়াতাড়ি পানি ভরে নিতে হয়। মাঝে মাঝে রাতে পানি আসে না, আসে ভোর রাতে। এলাকায় অনেকেই আছে, যাদের পানির জন্য রাত জাগতে হয়।
এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা মোসলেহ্ উদ্দিনসহ পাঁচজন ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে পানির যে পুরোনো পাইপ লাইন রয়েছে, সে পথে আগে অল্প হলেও নিয়মিত পানি আসত। বছর খানেক আগে এলাকার সব রাস্তা খোঁড়া হয়। এলাকাবাসীকে মাসের পর মাস ভোগান্তির মধ্যে রেখে খোঁড়া গর্তে চওড়া পাইপ বসানো হয়। আশ্বাস দেওয়া হয় পানির প্রবাহ বাড়বে। ওই সময়ে এলাকাবাসীর মধ্যে খোঁড়াখুঁড়িজনিত দুর্ভোগ নিয়ে যে ক্ষোভ ছিল, তা সাময়িকভাবে মুছেও যায়। কারণ তাদের মনে হয়েছে পানি সরবরাহ বাড়বে, কষ্ট চলে যাবে। কিন্তু চওড়া পাইপের সুবিধা তারা আজ পর্যন্ত পায়নি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ওয়াসা ‘ঢাকা ওয়াটার সাপ্লাই সেন্টার ডেভলাপমেন্ট’ প্রকল্পে রাজধানীর বিভিন্ন স্থানের মতো এখানেও চওড়া পাইপ বসায় বলে জানা গেছে।
এ বিষয়ে এডিবির এই প্রকল্পের প্রকল্পের পরিচালক ও ওয়াসার পরামর্শক এ ক এম শহীদউদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, আটকে পড়া পাকিস্তানি কিছু লোক মিরপুর বি ব্লক এলাকায় নতুন পাইপ লাইন বসানোর কাজে বাধা দেয়। যার জন্য কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। তাই পুরোনো লাইনেই পানি দেওয়া হচ্ছে। তবে বাধাদানকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
পানি না আসায় এলাকার কিছু বাড়িতে ওয়াসার প্রধান লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে খোঁজ নিয়ে দেখা যায়, ১২ নম্বর সড়কে শেষের দিকের একাধিক বাড়িতে নীল রঙের লতা পাইপ টানা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন বাড়িতে পানি টানার মোটর বসানো আছে। কিন্তু তারপরও পানি আসে না। ১৪ নম্বর এবং তার বিপরীত দিকের দুটি বাড়িতে গিয়ে সংরক্ষিত টাঙ্কি খালি দেখা যায়। কয়েকজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, দিনের পর দিন ধরনা দিচ্ছেন ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে। পানি পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে বোতলজাত পানি কিনতে হচ্ছে।
স্থানীয় আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, এলাকার পানি সমস্যার সমাধানে তাঁরা বসে নেই। অন্য এলাকার লাইন থেকে আন্তসংযোগের মাধ্যমে পানি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপতত সমস্যা কিছুটা মিটবে।