পানির কষ্টে ১৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর জহুরী মহল্লায় ১৫ দিন ধরে পানির কষ্টে আছে প্রায় ১০ হাজার বাসিন্দা। শুরুতে পানিতে ময়লা-দুর্গন্ধ ছিল। কিছুদিন আগে পানির কলে আসতে থাকে পানির সঙ্গে বালু ও মাটি। গত তিন দিন পানিই নেই। পানির দাবিতে গতকাল শুক্রবার এলাকাবাসী ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে গিয়ে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি।

ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, স্থানীয় বাদশাহ ফয়সল স্কুলসংলগ্ন পানির পাম্প স্টেশনের গভীর নলকূপে সমস্যার কারণে এলাকায় পানির এই সংকট।

এলাকার ৩৪/৭-এ বাড়ির বাসিন্দা আয়কর উপদেষ্টা শাহ্‌ হোসেন ইকবাল প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন তিনি ও প্রতিবেশীরা টেলিফোনে ও সশরীরে গিয়ে লালমাটিয়ায় ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন। কিন্তু সমস্যার প্রতিকার দূরে থাক, উপস্থিত কর্মকর্তারা তাঁদের কথা ভালো করে শুনতেই চাননি।

গতকাল শুক্রবার জুমার নামাজের আগে এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, পরিবহনমালিক মো. শাহাদাত, আবুল কালাম আজাদসহ প্রায় অর্ধশত বাসিন্দা আঞ্চলিক কার্যালয়ে গিয়ে আবারও অভিযোগ জানিয়েছেন।

 এলাকা ঘুরে জানা যায়, বাদশাহ্‌ ফয়সল স্কুল অ্যান্ড কলেজ, গাওসিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ এলাকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি নেই। এলাকার মসজিদে পানির সরবরাহ হয় বিশেষ ব্যবস্থায়। সেখানে পানি সংগ্রহের জন্য প্রতিদিন ভিড় করেন অনেক বাসিন্দা।

একটি বেসরকারি ব্যাংকে কর্মরত লুৎফুন্নেসা বেগম জানান, সারা দিন অফিসে কাজ করে ঘরে এসে যখন দেখেন, হাত-পা ধোয়ার পানিও নেই, তখন খুবই ক্ষোভ হয়। পানির বিল দিতে তাঁরা কখনোই দেরি করেন না। কিন্তু ওয়াসা তাঁদের মাঝেমধ্যেই এ ধরনের ভোগান্তিতে ফেলে।

অপর এক বাসিন্দা মিল্লাত হোসেন বলেন, তাঁদের পরিবারের মতো এলাকার অনেক বাসিন্দা বোতলজাত পানি কিনে সমস্যা মেটানোর চেষ্টা করছেন। কিন্তু এভাবে আর কত দিন?

যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, অনেক পুরোনো হওয়ায় এবং প্রকৃতিগত কারণে এলাকার গভীর নলকূপ থেকে বালু উঠছে। গতকাল পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, গভীর নলকূপটি সম্পূর্ণ বাদ দিয়ে আপাতত ছোট একটি নলকূপ স্থাপন করা হবে।