ঢাকা ওয়াসার সিবিএর অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী
পানির চাহিদা মেটাতে ওয়াসাকে আরও উদ্যোগী হতে হবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঢাকাবাসীর পানির চাহিদা মেটাতে এবং পয়োনিষ্কাশনের ব্যবস্থা ঠিকভাবে চালাতে ওয়াসাকে আরও উদ্যোগী হতে হবে।ঢাকা ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) রজতজয়ন্তী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে কারওয়ান বাজারের ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।মন্ত্রী বলেন, প্রায়ই পত্র-পত্রিকায় অভিযোগ আসে, ওয়াসার পাম্প অপারেটররা ঠিকভাবে দায়িত্ব পালন করেন না। তেল নিয়েও সমস্যা হয়। ‘আমরা (সরকার) কখনো ওয়াসার বিষয়ে বা দৈনন্দিন কাজেও হস্তক্ষেপ করি না। ওয়াসা স্বাধীন। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা একদিকে যেমন উদার, অন্যদিকে কঠিন ভূমিকা নিতেও পিছপা হব না।’শ্রমিক সংগঠন করা আর দলবাজি করা এক কথা নয় বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সিবিএ শ্রমিকদের সুবিধা দেখবে। কিন্তু দলবাজি করে ওয়াসাকে কলুষিত করা যাবে না। ওয়াসাকে দলের অঙ্গসংগঠন হিসেবে দেখতে চাই না। পানির চাহিদা মেটানোই ওয়াসার মূল কাজ।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পানি পরিস্থিতি সম্পর্কে প্রায়ই জানতে চান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন স্থানে অনেকগুলো গভীর নলকূপ বসানোর জন্য স্থানীয় সাংসদেরা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। সে জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু ঢাকার আয়তন দিন দিন বাড়ছে। উত্তরা তৃতীয় প্রকল্প ও পূর্বাচল প্রকল্পে হাজার হাজার বাড়ি হবে। সেখানেও চাই পানি। পানির উৎসগুলো দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছে। এতই দূষিত হয়ে পড়ছে যে শোধনাগারেও শোধন করা যাচ্ছে না। ভূগর্ভস্থ পানির স্তরও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। একসময় বিপর্যয় সৃষ্টি হতে পারে।মন্ত্রী বলেন, এসব দিক চিন্তা করে নদী দূষণমুক্ত করে আগামীতে ১০০ ভাগ পানি নদী থেকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় প্রকল্পের কাজ চলছে। তৃতীয়টিও হবে। পাগলাতে অপর একটি পানি শোধনাগার করা হবে। ওয়াসাকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য আরও সুদক্ষ জনবল নিয়োগ করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান হলে দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিতে হবে না। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ওয়াসার শ্রমিক কর্মচারীদের অনেক দাবিদাওয়া আছে। তার মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। তিনি বলেন, ২৫ বছর আগে গঠিত ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন তাদের বিভিন্ন কাজের জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য। ঢাকা ওয়াসাকে আধুনিক সংস্থায় পরিণত করতে সংগঠনের কর্মীদের কাজ করতে হবে।অনুষ্ঠানের অপর বিশেষ অতিথি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বলেন, সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে শ্রমিকদের দাবিদাওয়া অনেক সময়ই অপূরণীয় থেকে যায়। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও তাঁদের কাজ করতে হবে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসা এখন একটি পরিষ্কার সংস্থা। এ জন্য সিবিএরও অবদান রয়েছে।ঢাকা ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাফিজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, শ্রমিকনেতা ফজলুল হক, জাবের হোসেন প্রমুখ বক্তব্য দেন।