পানির ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভূগর্ভস্থ পানির ট্যাংক থেকে গতকাল বুধবার দুপুরে সাদিয়া (৪) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি দুর্ঘটনায় পড়ে মারা গেছে, না কেউ তাকে খুন করেছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, শিশুটিকে মোহাম্মদপুর থানার বাঁশবাড়ী এলাকার এনামুল হক দত্তক নিয়েছিলেন। শিশুটি গত রোববার নিখোঁজ হয়। গতকাল সকালে বাসার লোকজন ট্যাংক থেকে পানি তুলতে গিয়ে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। ওসি জানান, ওই ট্যাংকটিতে তালা দেওয়ার ব্যবস্থা থাকলেও তা সব সময় খোলা থাকে। মেয়েটি দুর্ঘটনাবশত ট্যাংকে পড়েছে কি না তা বোঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।সূত্র জানায়, সাদিয়ার পালক বাবা এনামুল হকের তিন ছেলেসন্তান। কোনো মেয়েসন্তান না থাকায় তিনি চার বছর আগে আবদুল মালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সাদিয়াকে দত্তক নেন।