পানির ট্যাংকের সিঁড়ি থেকে ছাদে পড়ে ভবনমালিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশের প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে পানির ট্যাংকের সিঁড়ি থেকে ছাদে পড়ে হাবিবুর রহমান নামের ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাবিবুর রহমানের মেয়ে তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, সবুজবাগের কদমতলায় তাঁদের একতলা বাড়ি। ছাদে থাকা ট্যাংকে পানির খোঁজ করতে যাচ্ছিলেন তাঁর বাবা। ছাদ থেকে ট্যাংকে ওঠার সময় মইসহ নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। শব্দ শুনে বাড়ির লোকজন ছাদে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করান। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাবিবুর রহমান মুন্সিগঞ্জ সদর উপজেলার রাজারচড় গ্রামের বাসিন্দা। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।