পানির ন্যায্য বণ্টনে দ. এশিয়ায় নাগরিক ঐক্যের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদ জেলের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে তিস্তা। গাইবান্ধার তিস্তাপারের চরখোরদা গ্রামের বাসিন্দা বিনোদ নদীভাঙনে দুইবার ঘর হারিয়েছেন। একসময় এই নদীতে সারা বছর মাছ ধরে সংসার চালাতেন। এখন তিন মাসের বেশি মাছ মেলে না, তাই আদি পেশাও এখন হুমকির মুখে। এই সত্তরোর্ধ্ব ব্যক্তির দিকে আজও তাকিয়ে থাকে ছয়টি মুখ। এদের অন্ন জোগাতে নাজেহাল বিনোদ বললেন, ‘এখন আর বাঁইচবার উপায় নাই।’ এ গ্রামেরই মাঝি সলিমুদ্দিন মণ্ডল। আগে বছরজুড়েই নৌকায় মালামাল পরিবহন করতেন। এখন বছরের বেশির ভাগ সময় তিস্তায় হাঁটুপানি। তাই নৌকা বেয়ে আর সংসার চলে না।উজান থেকে আসা আন্তদেশীয় নদীগুলোর পানির প্রবাহ কমে যাওয়ায় ভাটি অঞ্চলের এমন কয়েক লাখ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। এর ফলে শুধু বাংলাদেশের মানুষ নয়, একই দেশের মধ্যে যারা ভাটিতে থাকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও। পানির বণ্টন নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই আজ বিরোধ সীমাবদ্ধ নয়, বিরোধ একই দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের মধ্যেও ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত দুই দিনব্যাপী এক পরামর্শ সভায় এ অবস্থা থেকে উত্তরণের জন্য পানি বা নদীকে রাজনীতির ঘেরাটোপ থেকে বের করার পরামর্শ দিলেন পরিবেশবাদী, সুশীল সমাজের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। ‘দক্ষিণ এশিয়ার আন্তসীমান্ত পানি ব্যবস্থাপনার কাঠামো নির্মাণ’ শীর্ষক এই সভায় অংশ নিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের প্রতিনিধিরা পানির ন্যায্য বণ্টনে এ অঞ্চলে নাগরিক ঐক্যের আহ্বান জানান। পরামর্শ সভায় বিনোদ ও সলিমুদ্দিনের মতো পানি নিয়ে ভুক্তভোগীরাও অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত অভিন্ন নদীগুলোর ব্যবস্থাপনায় অববাহিকাকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন। পাশাপাশি যৌথ নদী কমিশনের কার্যকারিতা পুনর্মূল্যায়নও জরুরি বলে মন্তব্য করেন তিনি। বেলার নির্বাহী পরিচালক ম্যাগসাইসাই পুরস্কারজয়ী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দক্ষিণ এশিয়ার নদী ব্যবস্থাপনার পুরোটাই আমলাতান্ত্রিক, সংকীর্ণ রাজনীতি ও প্রকৌশল চিন্তানিয়ন্ত্রিত। এর বিপরীতে পরিবেশকে, নদী ও নদীনির্ভর মানুষকে কেন্দ্রে আনতে এ অঞ্চলের সুশীল সমাজের একটা ভূমিকা আছে। সেই সুশীল সমাজের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতে একটা নীতিকাঠামো দরকার।’ভারতের আরণ্যক নামের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি পার্থ জে দাস দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পানিসংক্রান্ত তথ্যের আদান-প্রদান বাড়ানোর প্রস্তাব দেন। পাকিস্তানের সাবেক কূটনীতিক শাফকাত কাকাখেল বলেন, রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে পানির মতো প্রয়োজনীয় বিষয়টিও আক্রান্ত হয়। ভারতের প্রতিনিধি ঋত্বিক দত্তের অভিমত, ‘পানি আসলে পুরোপুরি আইনি বিষয় নয়, এর সমাধানও আদালতে করা যাবে না।’ পরামর্শ সভায় আরও অংশ নেন অধ্যাপক আসিফ নজরুল, মাহফুজ উল্লাহ, ফারাহ কবীর, তৌহিদুল আনোয়ার খান, ভি জে হেগড়ে, দীপক গয়ালি প্রমুখ।