পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা জরুরি
গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার দেশগুলোর অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার বিকল্প নেই। ঢাকায় শুরু হওয়া উন্নয়ন ও নদী অববাহিকাভিত্তিক আঞ্চলিক সম্মেলনে বিশেষজ্ঞরা গতকাল বুধবার এ কথা বলেছেন। জার্মানির কনরাড আগেনাউয়ের স্টিফটুংয়ের (কেএএস) সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) দুই দিনের এ সম্মেলনের আয়োজন করেছে। বিআইআইএসএস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেন জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রাউলফ্ রয়েশ, কেএএসের সার্ক আঞ্চলিক কর্মসূচির পরিচালক টমিস্লাভ ডেলিনিক ও বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েস। সম্মেলনের কর্ম-অধিবেশনে দিল্লির জামেয়া মিলিয়া ইসলামিয়ার সেন্টার ফর নর্থ ইস্ট স্টাডিজের অধ্যাপক সঞ্জয় হাজারিকা তাঁর প্রবন্ধে উল্লেখ করেন, চীন কিংবা ভারত, যেকোনো দেশই হোক না কেন, অভিন্ন নদীতে একতরফাভাবে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যানিয়ন্ত্রণ ইনস্টিটিউটের অধ্যাপক মুশফিকুস সালেহীন তাঁর প্রবন্ধে বলেন, আঞ্চলিক দেশগুলোর নদী ব্যবস্থাপনার সহযোগিতার নীতিতে অববাহিকাভিত্তিক সহযোগিতার ওপর জোর দেওয়া উচিত।