পানির বিল নিয়ে ওয়াসাকে দেননি বাড়িওয়ালা
বাড়িওয়ালা ওমর ফারুক ভাড়াটেদের কাছ থেকে প্রতি মাসে ৪৪ হাজার টাকার পানির বিল আদায় করছিলেন। কিন্তু ওয়াসাকে তিনি পরিশোধ করেছেন পাঁচ হাজারের সামান্য বেশি। এভাবে গত ছয় বছরে তিনি ভাড়াটেদের কাছ থেকে প্রায় ২৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি ধরা পড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বকেয়া বিল আদায়ের জন্য মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনের এম-২ ভবনে অভিযান চালান। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাড়াটেদের কাছে জানতে চান, তাঁরা প্রতি মাসে কত টাকার পানির বিল পরিশোধ করেন। তখন ভাড়াটেরা আদালতকে জানান, প্রতি মাসে তাঁরা ৪৪ হাজার টাকার পানির বিল পরিশোধ করে আসছেন। আদালত বিষয়টি খতিয়ে দেখতে পান, গৃহকর্তা প্রতি মাসে নামমাত্র পানির বিল পরিশোধ করে আসছিলেন। জানা গেছে, বাড়িওয়ালা ওমর ফারুক ২০০৪ সালের ২০ জুলাই থেকে পানি চুরি করে আসছিলেন। বিগত ৭৪ মাসে তাঁর পানির বিল আসে ৩২ লাখ ৫৬ হাজার টাকা। কিন্তু তিনি পরিশোধ করেছেন মাত্র তিন লাখ ৩১ হাজার টাকার বিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউদ্দীন প্রথম আলোকে বলেন, পানির মিটার পরীক্ষা করে দেখা গেছে, ওমর ফারুক পানির মিটারটি উল্টো করে লাগিয়ে রেখেছেন। মিটার কারসাজির দায়ে তাঁকে এক লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পানি চুরির দায়ে ২৮ লাখ ৭৪ হাজার ৮০৯ টাকার একটি চেক আদায় করা হয়েছে।ওয়াসা সূত্রে জানা গেছে, ওমর ফারুকের ওই বাণিজ্যিক ভবনের আটটি ফ্লোরে তৈরি পোশাক শিল্পের কারখানা রয়েছে। তিনি প্রত্যেক ভাড়াটের কাছ থেকে নিয়মিতভাবে পানির বিল বাবদ গত ছয় বছরে প্রায় ৩৩ লাখ টাকা আদায় করলেও ওয়াসার বিলের নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করেননি। প্রসঙ্গত, বকেয়া আদায়ে ঢাকা ওয়াসা নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযান অব্যাহত রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।