পানির স্বল্পতা নেতিবাচক প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পানির প্রাপ্যতা কমছে। পানির স্বল্পতার নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপর। গতকাল মঙ্গলবার জাতীয় জনস্বাস্থ্য সম্মেলনের তৃতীয় দিনের প্রথম বিষয়ভিত্তিক অধিবেশনে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক স্টিফেন লুবি এ কথা বলেন।স্টিফেন লুবি পানি ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যবিষয়ক উপস্থাপনায় বলেন, কৃষিতে ব্যবহূত পানির ৮০ শতাংশ ও পানীয় জলের ৯০ শতাংশ আসে মাটির নিচ থেকে। ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে রাজশাহী এলাকায় ও ঢাকা শহরে পানির স্তর তিন মিটার নিচে নেমে গেছে। শহর এলাকায় সরবরাহ করা নলের পানির চাপ কম থাকে বলে তাতে নানা দূষণ ঘটছে। দেশের অনেক এলাকার নলকূপের পানিতে সহনীয় মাত্রার চেয়ে আর্সেনিকের পরিমাণ বেশি। অন্যদিকে ঢাকাসহ দেশের বড় বড় শহরের আশপাশের নদী শিল্পবর্জ্যের দূষণের শিকার। গতকাল ছিল জাতীয় জনস্বাস্থ্য সম্মেলনের শেষ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘স্বাস্থ্য ক্ষেত্রের অর্জন ধরে রাখতে ও একুশ শতকের জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ।’ গতকালের একাধিক অধিবেশনে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ জনস্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। বর্তমানে পাঁচটি সরকারি ও ১৪টি বেসরকারি প্রতিষ্ঠানে জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষা কার্যক্রম চলছে। কিছু প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। সর্বশেষ বিষয়ভিত্তিক অধিবেশনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভাগের প্রধান পিটার কিম স্ট্রেটফিল্ড বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, কলেরার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে এসব রোগ নিরীক্ষণের পন্থায় দুর্বলতা আছে।