পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষায় মাত্রাতিরিক্ত, শুকনো মৌসুমে প্রয়োজনের তুলনায় অনেক কম— সাধারণভাবে এই হলো বাংলাদেশে ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা। ফলে পানীয় ও সেচের জন্য প্রধান নির্ভরতা ভূগর্ভস্থ পানির ওপর। সেই পানিতেই অর্সেনিক-দূষণ। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বেড়েই চলেছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং উজানের দেশগুলোতে সংরক্ষণ ও ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভাটি অঞ্চল বাংলাদেশে পানির প্রাপ্যতা আরও কমার আশঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে জনসংখ্যা, নগরায়ণ ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় পানির চাহিদা বাড়ছে।এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে। গতকাল বুধবার সকালে ব্র্যাক ইন মিলনায়তনে ‘সলভিং ওয়াটার চ্যালেঞ্জেস: পানি ও খাদ্য নিরাপত্তা—অস্ট্রেলিয়া, এশিয়া ও বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সেমিনারের আয়োজন করে অস্ট্রেলীয় হাইকমিশন। বাংলাদেশে পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণের জন্য অস্ট্রেলীয় প্রতিষ্ঠান সিএসআইআরও এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, ওয়ারপো, সিইজিআইএস ও বিআইডিএসের পরিচালিত যৌথ গবেষণা সম্পর্কে মত বিনিময় করাই এ সেমিনারের উদ্দেশ্য।অস্ট্রেলীয় সরকারের ২৪ লাখ ডলার অর্থায়নে প্রায় দুই বছরের এই গবেষণা কার্যক্রম গত বছর জুলাই মাসে শুরু হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, গবেষণায় বাংলাদেশে পানিসম্পদের ব্যবহার ও ব্যবস্থাপনার বিষয়ে একটি কার্যকর নির্দেশনা বের হয়ে আসবে বলে সরকার আশাবাদী।সেমিনারে স্বাগত বক্তব্যে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার টিম বলোটনিকফ বলেন, বাংলাদেশের পানিসম্পদ খাত জলবায়ু পরিবর্তন, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবসহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। চলমান গবেষণায় এসব চ্যালেঞ্জ মোকাবিলার পথনির্দেশিকা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। হাইকমিশনার বলেন, বাংলাদেশে অস্ট্রেলিয়ার অর্থিক সহায়তা সাড়ে ১০ কোটি ডলার ছাড়িয়েছে। ভবিষ্যতে সহায়তা আরও বাড়বে।সেমিনারে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান এজেন্সি সিএসআইআরওর তিনজন গবেষক অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে তিনটি বক্তব্য উপস্থাপন করেন। গবেষকেরা হলেন: ম্যাক কিরবি, মোহাম্মদ মইনুদ্দিন ও অনিল ব্যানার্জি।শেষে গবেষকদের উপস্থাপনার বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মন্তব্য করেন বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আজিজুল হক, আইডব্লিউএমের আবু সালেহ্ খান, বিএডিসির ইফতেখারুল আলম প্রমুখ।