দেশের অধিকাংশ পাউরুটি, কোমল পানীয় ও ভোজ্যতেলের মোড়কে পুষ্টিমান, মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময়সীমাসহ প্রয়োজনীয় অনেক তথ্য নেই। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। গতকাল বৃহস্পতিবার ক্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ক্যাবের জেলা কমিটির সদস্যরা ২১টি ব্রান্ডের পাউরুটি, ১৫৮টি ব্রান্ডের কোমল পানীয় ও ৮৭টি ব্রান্ডের সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করে এ তথ্য জানান । সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যাব দেশের ৩৮টি জেলায় তিনটি পণ্যের মোড়কের ওপর জরিপ চালায়। জরিপে বিভিন্ন ব্রান্ডের পাউরুটির মধ্যে রয়েছে ফু ওয়াং ও বনফুল, কোমল পানীয়ের মধ্যে কোকাকোলা, স্প্রাইট, মোজো ও আরসি কোলা এবং ভোজ্যতেলের মধ্যে তীর, ফ্রেশ ও রূপচাঁদা। এসব পণ্যের মোড়কে পুষ্টিগুণ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মোড়কের ভাষা, বিএসটিআইয়ের মানচিহ্ন, সর্বোচ্চ খুচরা মূল্য, আমদানিকারক ও প্রস্তুতকারকের নাম, ওজন, ব্যান্ডের নাম ও সাধারণ নাম ইত্যাদি পরীক্ষা করে দেখা হয়। জরিপে দেখা গেছে, পাউরুটিতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় তথ্য নেই। পাউরুটি একটি সংবেদনশীল পণ্য। এটি তৈরির পর কত দিন খাওয়ার উপযোগী থাকবে তা জানা জরুরি হলেও অধিকাংশ ব্রান্ডের পাউরুটির গায়ে তা উল্লেখ ছিল না। ৮০ শতাংশ রুটিতে বিএসটিআইয়ের মানচিহ্ন থাকলেও অন্যান্য প্রয়োজনীয় তথ্য মোড়কে উল্লেখ ছিল না কোমল পানীয়ের মধ্যে চালানো জরিপে দেখা যায়, অধিকাংশ কোমল পানীয় আমদানি করা। কিন্তু তাতে বাংলায় মোড়কের গায়ে লেখা নেই। কোমল পানীয় দুই মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহারের মেয়াদ পাওয়া গেছে। ২০ শতাংশ পণ্যে বাধ্যতামূলক প্রয়োজনীয় তথ্য নেই। সয়াবিন তেলে বিএসটিআইয়ের মানচিহ্ন বাধ্যতামূলক হলেও ২৭ শতাংশ তেলের মোড়কে মানচিহ্ন ছিল না। সয়াবিন তেল এক থেকে তিন বছর ব্যবহারযোগ্য থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা দুই বছর পাওয়া গেছে।