পান্থকুঞ্জ পার্কের পাশে ময়লার ভাগাড়, ফুটপাত দখল
চলাচলকারী প্রত্যেকেই দুর্গন্ধে নাক চেপে চলছেন। রাস্তার অনেকাংশজুড়ে চলছে আবর্জনা আনা-নেওয়ার কাজ। বীর উত্তম সি আর দত্ত সড়কে পান্থকুঞ্জ পার্ক অংশের সড়ক ময়লা-আবর্জনায় ভর্তি। ফুটপাতের দখল নিয়েছে ছিন্নমূল মানুষ। পার্কের ভেতরের পরিবেশও নোংরা।
পান্থকুঞ্জ পার্কের সঙ্গে বীর উত্তম সি আর দত্ত সড়কে সব সময়ই ময়লার স্তূপ থাকে। আশপাশের এলাকা থেকে সব ময়লা এনে সড়কের পাশে রাখা হয়। বেশ কয়েকটি কনটেইনারও থাকে সেখানে। ময়লার বস্তা জমতে জমতে মূল সড়কের অর্ধেক দখল হয়ে যায়। ছড়িয়ে পড়ে দুর্গন্ধও। গত বুধবার দুপুরে দেখা যায়, চলাচলকারী লোকজন নাক চেপে জায়গাটি পার হচ্ছেন।
পরিচ্ছন্নতাকর্মী বাবু বলেন, ‘এইখানে একটা ময়লার স্টেশন করার কাজ হচ্ছিল। কিন্তু মামলার লাইগ্যা আটকায়ে গেছে। ময়লা ফালানোর আর কোনো জায়গা নাই।’ পার্ক-সংলগ্ন একটি গণশৌচাগার আছে। তার ঠিক পাশেই রড-সিমেন্টের অর্ধনির্মিত কিছু খুঁটি। বাঁশ-কাঠের কিছু স্থাপনাও আছে। এগুলো প্রায় ভঙ্গুর। ভেতরে বালু, পাথর ও ভাঙা ইটের স্তূপ। বেশ কিছু বস্তাও পড়ে আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পার্কের দক্ষিণ-পশ্চিম অংশে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের উদ্যোগ নেয়। এটি নির্মিত হলে পার্কের পরিবেশ নষ্ট হওয়া ও স্থান সংকুচিত হওয়ার আশঙ্কায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি মামলা করে। ২০১৫ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট পার্কের পাশে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন নির্মাণ অবৈধ ঘোষণা করেছেন। এরপর থেকে জায়গাটি ওভাবেই পড়ে আছে।
এই সড়কেরই এক ব্যবসায়ী এনামুল খন্দকার কবির বলেন, ‘এখান থেকে গন্ধ ছড়ায়। এভাবে ছড়িয়ে-ছিটিয়ে না ফেলে স্থায়ী কোনো ব্যবস্থা করতে পারত।’ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, এসটিএস নির্মাণ বন্ধ করেছে, কিন্তু ময়লা ফেলার জন্য কেউ কোনো জায়গা দিতে পারেনি। পরিবেশ এতে আরও বেশি নষ্ট হচ্ছে।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে আগে থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেউ মাথা ঘামায়নি। বাড়ির পাশে গর্ত করে ময়লা ফেলত। এখন তো তা সম্ভব হচ্ছে না। এখন আমরা স্টেশন করার জায়গা পাচ্ছি না।’ নির্মাণাধীন এসটিএস বন্ধ হওয়া প্রসঙ্গে বললেন, এটা নিয়ে আপাতত তাঁদের কোনো পরিকল্পনা নেই। জায়গা না পাওয়ায় ময়লা অপসারণের কাজ তাঁদের সড়কেই করতে হচ্ছে।
এই সড়কে পার্কসংলগ্ন ফুটপাত ছিন্নমূল মানুষের দখলে। পার্কের গ্রিলে কাপড় শুকাতে দিয়েছেন তাঁরা। এ ছাড়া ফুটপাতেই আছে চায়ের দোকান, সেলুন ও রিকশা-ভ্যান সারানোর দোকান। সড়কে সারি বেঁধে রিকশা দাঁড়িয়ে থাকে। বেগম নামের এক নারী এখানে থাকেন দুই বছর। তিনি বলেন, হঠাৎ হঠাৎ পুলিশ আসে। এ ছাড়া তেমন কেউ ঝামেলা করে না।
পান্থকুঞ্জের ভেতরে চৌকি, টেবিলসহ কাঠের কিছু আসবাব পড়ে আছে। বেশ কিছু অংশে আবর্জনা ফেলা। নিয়মিত পার্কে যাতায়াত করা কয়েকজন অভিযোগ করলেন, সন্ধ্যার পরে মাদকের আড্ডা বসে। বর্ষায় পানি জমে।
ডিএসসিসি অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা সানাউল হক প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও তাঁরা আবার এসে আবাস গড়ে। পার্কের ব্যাপারে বলেন, ‘জল-সবুজে’ ঢাকা প্রকল্পের অধীনে পান্থকুঞ্জ পার্কটিও সংস্কার করা হবে।