পাপুলের স্ত্রী-মেয়ের আগাম জামিন আবেদন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ
অবৈধ সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাংসদ শহিদ ইসলামের (পাপুল) স্ত্রী সাংসদ সেলিনা ইসলাম ও তাঁদের মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই মামলায় আগাম জামিন চেয়ে তাঁদের করা আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সাংসদ শহিদ এখন কুয়েতের কারাগারে বন্দী।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলায় গত মাসে ওই দুজন আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন, যা আজ শুনানির জন্য ওঠে।
আজ আদালতে উপস্থিত হন পাপুলের স্ত্রী ও মেয়ে। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন।
মানব ও মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে কারাবন্দী হন এই সাংসদ। শহিদ লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ। সেলিনা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ। এই দম্পতিসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. সালাহউদ্দীন গত ১১ নভেম্বর মামলাটি করেন। তাঁদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শহিদ, সেলিনা, জেসমিন ও ওয়াফার পাঁচটি হিসাবের মাধ্যমে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪৮ কোটি টাকা পাচার হয়।
জেসমিন ও ওয়াফার বৈধ কোনো আয়ের উৎস নেই। জেসমিন এফডিআর হিসেবে ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকা দেখিয়েছেন। তাঁর কোনো বৈধ উৎস তিনি দাখিল করতে পারেননি। শহিদ ও সেলিনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে।
আজ শুনানিতে আলোচ্য ক্ষেত্রে মানিলন্ডারিং হয়নি বলে বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালকের স্বাক্ষরিত চিঠি তুলে ধরে আগাম জামিন আবেদনকারীপক্ষ। আদালত এ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন। কোন কর্তৃত্ব বলে উপপরিচালক মো. আরেফিন আহসান মিঞা ওই চিঠি দিয়েছেন, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ জানুয়ারির মধ্যে তাঁকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।