পারসোনার নতুন শাখা ওয়ারীতে

সৌন্দর্যসচেতন মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পুরান ঢাকার ওয়ারীতে পারসোনার ১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সেখানে ছেলেদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।
গতকাল বিকেলে ওয়ারীর ৪১ র্যাঙ্কিন স্ট্রিটের এ কে ফেমাস টাওয়ারে (পিৎজা হাট ও কেএফসির ওপরে) এ শাখার উদ্বোধন করা হয়। প্রায় ১০ হাজার বর্গফুট আয়তনের এ শাখাটিতে আধুনিক সৌন্দর্যসেবার সব সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া শিগগিরই এর সঙ্গে যুক্ত হবে ‘স্প্রিং স্পা’।
গতকাল বিকেলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করেন সাংসদ সানজিদা খানম। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। পরে পারসোনার নতুন শাখা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান বলেন, ‘ঐতিহ্যবাহী পুরান ঢাকার মেয়েদের সৌন্দর্যবোধ বরাবরই আমাকে অবাক করেছে। তাঁরা দীর্ঘদিন ধরেই আমাদের ধানমন্ডিসহ অন্যান্য শাখায় সেবা নিয়ে আসছেন। এসব গ্রাহকের অনুরোধ ও ঢাকার প্রাণে ফেরার তাগিদে এই শাখা চালু করা হয়েছে। মেয়েদের সঙ্গে ছেলেরা যাতে সমানতালে এগিয়ে থাকতে পারেন, তাই চালু করা হয়েছে পারসোনা মেনজ।’
নতুন শাখার উদ্বোধন উপলক্ষে ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে উপস্থাপন করা হয় ব্রাইড ও পার্টি লুক। অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ২০ র্যাম্প মডেল। অনুষ্ঠানে অভিনয়শিল্পী জয়া আহসান, নুজহাত ইসলাম, তানভিন সুইটি, সংগীতশিল্পী ফাহমিদা নবী, দিনাত জাহান, মডেল শারমিন লাকি, ডিজাইনার বিপ্লব সাহা, মিডিয়া ব্যক্তিত্ব আবদুল মুকিত মোহাম্মদ জাকারিয়া, গাওসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।