ইভ টিজিং বন্ধে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জোরদার করতে হবে। সামাজিক এই ব্যাধি দূর করতে গড়ে তুলতে হবে জনমত। এর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।গতকাল মঙ্গলবার আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘ইভ টিজিং প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বলে, তারা ইভ টিজিংয়ের শিকার হলেও ঘরে, বাইরে বা শিক্ষাপ্রতিষ্ঠানে কারও কাছেই তা বলতে পারছে না। ফলে অনেকে একসময় আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। শিক্ষার্থীরা বলে, ইভ টিজিং প্রসঙ্গে টেনেটুনে মেয়েদের পোশাকের বিষয়টিকে গুরুত্বে আনা হয়। কিন্তু স্কুল ইউনিফর্ম পরা অবস্থায়ও মেয়েদের ইভ টিজিংয়ের শিকার হতে হচ্ছে।সভায় আন্তস্কুল সমন্বয়, বখাটেদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো, স্কুলের শিক্ষণ পদ্ধতিকে আরও আকর্ষণীয় করা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো, শিক্ষকদের প্রশিক্ষণে ইভ টিজিং প্রতিরোধ বিষয়টিকে সম্পৃক্ত করা, সিলেবাসে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত, সামাজিক আন্দোলনে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করাসহ বিভিন্ন সুপারিশ করেন বক্তারা।সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী ৩ জুন ইভ টিজিং প্রতিরোধ বিষয়কে গুরুত্ব দিয়ে দেশব্যাপী বিশেষ দিবস পালন করা হবে। তিনি ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিষয়টি যাতে হারিয়ে না যায় সে জন্য জনমত গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বখাটেদের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে ইভ টিজিং সমস্যাটি এত চরম আকার ধারণ করত না। তিনি বলেন, ইভ টিজিংয়ের পেছনে বেকারত্ব বড় একটি কারণ, তবে তা কোনো ভাবেই একমাত্র কারণ নয়।শিক্ষাবিদ জাফর ইকবাল ইভ টিজিং প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগে হট লাইনের ব্যবস্থা করা এবং ছেলেমেয়েদের একই স্কুলে পড়ার বিষয়ে গুরুত্ব দেন।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘ইভ টিজিংকে রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করার নজির খুব একটা নেই। এ বিষয়ে অ্যাকশান নিতে গিয়ে রাজনৈতিক কারণে পুলিশের ফিরে আসারও নজির নেই।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াসমীন হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পুলিশ দিলেই সমস্যার সমাধান হবে না, এ ক্ষেত্রে মেয়েদের মনোবল বাড়ানোও জরুরি।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, ইভ টিজিংয়ের কারণে সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের চাকরি চলে যাওয়ার পর পরবর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় সেই শিক্ষকই আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন। অন্যদিকে যে মেয়েরা ইভ টিজিংয়ের প্রতিবাদ করেছিল তাদের অনেকের বিয়ে হয়নি বা বিয়ে ভেঙে গেছে। তাই ইভ টিজিং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ একটি বিষয়।আলোচনা সভার সভাপতি আসকের চেয়ারম্যান হামিদা হোসেন বলেন, সামাজিক আন্দোলন এবং বাস্তবমুখী কৌশল নিয়ে এ সমস্যাকে প্রতিরোধ করতে হবে।মূল বক্তব্যে আসকের জ্যেষ্ঠ সমন্বয়কারী সাঈদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের মনের কথাগুলো বলার জন্য সব স্কুলে একজন শিক্ষককে ফোকাল পয়েন্ট করা প্রয়োজন এবং এ জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক শাহীন ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, এনজিও কর্মী ও তিনজন শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য দেন।