বশিরা মান্নান স্মারক বক্তৃতায় সুলতানা কামাল
পারিবারিক সহিংসতা অধিকাংশ নারীর জীবনে অবিচ্ছেদ্য বাস্তবতা
দেশের অধিকাংশ নারী চরম দারিদ্র্যের মধ্যে বাস করেন। ‘দরিদ্রের মধ্যে দরিদ্রতম’ বলতে যা বোঝায় তার মূর্তিমান উদাহরণ হলেন তাঁরা। অধিকাংশ নারীর জীবনে পারিবারিক সহিংসতা একটি অবিচ্ছেদ্য বাস্তবতা হিসেবে বিরাজমান।গতকাল রোববার ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ‘স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে সাফল্য ও প্রতিবন্ধকতা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যাপক বশিরা মান্নান ট্রাস্ট ফান্ডের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং বশিরা মান্নান ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পররাষ্ট্রসচিব মস্য়ূদ মান্নান এনডিসি, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. নূরুল ইসলাম, ইনস্টিটিউটের সাবেক শিক্ষক মো. আবু তাহের প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান।