জাতীয় সংসদে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন পাস হয়েছে। তবে আইনটি প্রয়োগে বিধিমালা তৈরি না হওয়ায় তা কবে থেকে কার্যকর হবে, সরকার সে তারিখটি গেজেট আকারে প্রকাশ করেনি। এ ছাড়া আইনটি বাস্তবায়নের আগেই তাতে কিছু সংশোধনী আনা প্রয়োজন।গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সংগঠনটির প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে সেমিনারে আইনজীবীরা ওই বিধিমালা প্রণয়নের তাগিদ দেন।বক্তারা বলেন, ঘরের ভেতর নারী ও শিশুরা যে নির্যাতনের শিকার হয়, তা প্রতিরোধে দেশে কোনো আইন ছিল না। সরকার পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ প্রণয়ন করেছে। ফলে পারিবারিক নির্যাতনকে আর গোপন বিষয় হিসেবে আখ্যা দেওয়ার উপায় নেই। আইনটির মূল উদ্দেশ্য নির্যাতনের শিকার নারীকে সুরক্ষা দেওয়া এবং সংসার টিকিয়ে রাখা।আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনারের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। শক্তিশালী আইনি কাঠামোও আছে। চ্যালেঞ্জ হচ্ছে সে আইনগুলোর যথাযথ প্রয়োগ।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম সেমিনারে সভাপতির বক্তব্যে বলেন, নারী নির্যাতন প্রতিরোধে দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় বাধা। তিনি আদালতকে নারীবান্ধব করা এবং আদালতের ভাষায় সিডও সনদ ও নারীবান্ধব শব্দগুলো ব্যবহারের জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। মহিলা পরিষদের আইন সংস্কার কমিটির উপদেষ্টা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী জেয়াদ আল মালুম নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় আইনি সহায়তা দিতে গিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় বলে উল্লেখ করেন।