পার্কিংমুক্ত সড়কে ফের পার্কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসে নয়টি গুরুত্বপূর্ণ সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করে। এসব সড়কের কয়েকটিতে আবার যানবাহন রাখা শুরু হয়েছে। ফলে যানজট সৃষ্টি হচ্ছে। ফিরে আসছে আগের পরিস্থিতি। তবে সব সড়ক পুনরায় পার্কিংমুক্ত করতে বিশেষ অভিযান চালানো হবে বলে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মোহাম্মদপুর, কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার, মিরপুর-১২, আবদুল্লাহপুর, তেজগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার এলাকার সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করা হয়।

পার্কিংমুক্ত ঘোষণা করা সড়কগুলোর মধ্যে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় বর্তমানে বেশি যানজট লাগছে। ঢাকার ভেতরে চলাচলকারী বাসগুলো সড়কের যত্রতত্র দাঁড়ানোয় এবং সিএনজি স্টেশনে আসা গাড়িগুলো সড়কে সারি করে থাকায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় আবার সার্বক্ষণিক যানজট লেগে থাকছে।

গত বৃহস্পতিবার দেখা যায়, আবদুল্লাহপুর থেকে গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর পথে চলাচলকারী বাসগুলো সড়কের ওপরে দাঁড়িয়ে আছে। গাজীপুর, টঙ্গী থেকে সায়েদাবাদ পথে চলাচলকারী বাসগুলোও টঙ্গী সেতুতে ওঠার মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছে। আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে আছে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। এসব ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিতে অসংখ্য যানবাহন সারি ধরে দীর্ঘ সময় মূল সড়কে দাঁড়িয়ে থাকায় যানজট লেগে যায়।

মোহাম্মদপুর থেকে প্রতিদিন বিভিন্ন রুটে তরঙ্গ প্লাস, এটিসিএল, মালঞ্চ, দীপন, মেশকাত, মিডওয়ে, ফাতেহসহ বিভিন্ন কোম্পানির শতাধিক বাস চলাচল করে। এসব বাস যাত্রা শুরু ও শেষ করত মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায়। সারা দিন এসব পরিবহনের বাসগুলো সড়কের অর্ধেকের বেশি অংশ দখল করে রাখায় বাসস্ট্যান্ড এলাকায় যানজট লেগেই থাকত। গত বছরের ১ ডিসেম্বর ডিএনসিসির উদ্যোগে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক থেকে বাস সরিয়ে নেওয়া হয় মোহাম্মদপুর বছিলা নতুন সড়কে। সড়কটি যানজটমুক্ত হয়। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে, বছিলার নতুন সড়ক থেকে বাসগুলো এসে দীর্ঘক্ষণ মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছে। একসঙ্গে একাধিক পরিবহনের বাস দাঁড়িয়ে থাকায় সড়কে যানজট লাগছে।

এ বছরের ১ জানুয়ারি কল্যাণপুর-গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সড়ক অবৈধ পার্কিংমুক্ত ঘোষণা করেন মেয়র আনিসুল হক। আগে টেকনিক্যাল মোড় থেকে গাবতলী টার্মিনাল পর্যন্ত সড়কের এক পাশে দূরপাল্লার বাস পার্কিং করে রাখা হতো। পার্কিংমুক্ত ঘোষণার পর থেকে সড়কে দূরপাল্লার বাস রাখা হচ্ছে না। তবে রাজধানীর ভেতরে চলাচলকারী সিটি সার্ভিসের বাসগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যাত্রী তোলায় যানজট লাগছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়কের ধারণক্ষমতার তুলনায় যানবাহনের চাপ কয়েক গুণ বেশি। নগরে গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা নেই। পুলিশ অবৈধ পার্কিং এবং যত্রতত্র বাস দাঁড়ানো বন্ধ করতে প্রতিদিন মামলা দিচ্ছে। এ সমস্যা সমাধানে সবার সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

তবে ডিএনসিসির পার্কিংমুক্ত ঘোষিত সড়কের কয়েকটি এখনো পার্কিংমুক্ত থাকায় লোকজন চলাচলে স্বস্তি পাচ্ছেন। তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কে থাকা ট্রাক-কাভার্ড ভ্যানগুলো ও ট্রাকস্ট্যান্ড সরিয়ে গত বছরের ১০ ডিসেম্বর ডিএনসিসি এই সড়কটিকে পার্কিংমুক্ত ঘোষণা করে। গতকাল শনিবার দেখা যায়, সড়কটির উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর কাজ করেছে ডিএনসিসি। সড়কটি এখনো পার্কিংমুক্ত আছে।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের কাউন্সিলর, পুলিশের ট্রাফিক বিভাগ ও যানবাহনমালিকদের উদ্যোগে সড়কগুলো পার্কিংমুক্ত করা হয়েছিল। সময়ের পরিক্রমায় তা শিথিল হয়ে আসছে। পার্কিংমুক্ত রাখতে পুলিশের সঙ্গে সভা করা হচ্ছে, বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে।