পার্কিংয়ের জায়গায় গাড়ির শোরুম, মিষ্টির দোকান
নকশা অনুসারে গ্রিন রোডের ১৪৪ নম্বর ভবনের নিচতলাটি নির্দিষ্ট ছিল পার্কিংয়ের জন্য। সেখানে কিছু গাড়িরও দেখা মিলল। তবে তা বিক্রির জন্য রাখা। অর্থাৎ পার্কিংয়ের জায়গাটিকেই কার মেলা নামের একটি প্রতিষ্ঠানকে গাড়ির শোরুম হিসেবে ব্যবহারের জন্য ভাড়া দিয়েছিলেন ভবনমালিক।
একইভাবে কাছাকাছি আরও দুটি ভবনের পার্কিংয়ের জায়গায় গড়ে উঠেছিল বনফুল ও মুসলিম সুইটসের দুটি মিষ্টির দোকান।
ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান অভিযানে মিষ্টির দোকান দুটো ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে গাড়ির শোরুমের একাংশ ভেঙে দেওয়ার পাশাপাশি ভবনমালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার গ্রিন রোডে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। তত্ত্বাবধানে ছিলেন জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান। একই দিনে গ্রিন রোডে আরও তিনটি ভবনের পার্কিংয়ের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ভবনমালিকদের পাঁচ লাখ টাকা জরিমানার পাশাপাশি স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তাঁরা।
গুলশান এলাকায় ছয়টি ভবনে অভিযান চালিয়ে তিনটি ভবনের র্যা ম্প উচ্ছেদসহ দুটি পার্কিংয়ের জায়গা অবমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তিন লাখ টাকা জরিমানাও করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার আহমেদ চৌধুরী এই অভিযানের নেতৃত্ব দেন।
উত্তরায় পরিচালিত অভিযানে ওয়েসটেকস নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি পার্কিংয়ের জায়গায় নির্মিত শোরুমটি সরিয়ে নেওয়ার জন্য ১০ দিনের সময় দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও সাতটি ভবনের র্যা ম্প উচ্ছেদ ও গাড়ি পার্কিংয়ের জায়গা অবমুক্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন এই এলাকার অভিযানে নেতৃত্ব দেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এই অভিযান শুরু করে রাজউক। এতে প্রথম দফায় দুই শর বেশি ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। দ্বিতীয় দফায় আলাদাভাবে কিছু অভিযান চালানো হলেও ৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযানের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে রাজউক।