পার্কিংয়ের জায়গায় দোকান

দোকান নির্মাণের কাজ শুরু হলেও ইজারাদারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ডিএনসিসি কর্তৃপক্ষ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাবতলী বাস টার্মিনালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান বানাচ্ছেন ইজারাদারের লোকেরা। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি
প্রথম আলো

গাবতলী বাস টার্মিনাল ইজারা দেওয়ার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শর্তানুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টার্মিনালে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু শর্ত ভঙ্গ করে অবৈধভাবে টার্মিনালের ভেতর দোকান বানাচ্ছেন ইজারাদার।

সপ্তাহখানেক আগে এসব দোকান নির্মাণের কাজ শুরু হলেও ইজারাদারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ডিএনসিসি কর্তৃপক্ষ। টার্মিনালকেন্দ্রিক করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও দৃশ্যমান এ অবকাঠামো নির্মাণের বিষয়টি জানতেন না বলে দায় এড়িয়েছেন।

ডিএনসিসির পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, দোকান নির্মাণের কোনো তথ্য ছিল না। নির্মাণের কোনো অনুমতিও দেওয়া হয়নি। কাজটি দ্রুত বন্ধ করতে টার্মিনালের সহকারী ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, রাজস্ব আদায়ে গত বছরের জানুয়ারিতে প্রায় ৭ কোটি ৪০ লাখ টাকায় রাফি ট্রেডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে গাবতলী বাস টার্মিনালের ইজারা দেওয়া হয়। সরকারি বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় ইজারার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। ইজারার চুক্তিপত্রে তখন ৩০টি শর্ত ছিল। এর মধ্যে ২৪ নম্বর শর্ত অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টার্মিনালের সীমানার ভেতরে ইজারাদার কোনো প্রকার স্থাপনা, দোকান, বিজ্ঞপ্তির খুঁটি, বিলবোর্ড প্রভৃতি কোনো ক্রমেই স্থাপন করতে পারবে না। আর ২১ নম্বর শর্তে বলা আছে, ইজারাদার চুক্তির যেকোনো শর্ত ভঙ্গ করলেই করপোরেশন ইজারা বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

করপোরেশনে আবেদন করা হয়েছে। তবে এখনো অনুমতি পাইনি। এখন জায়গাটি সংরক্ষণ করতেই দোকান করা হচ্ছে।
মো. কামাল হোসেন টার্মিনালে ইজারাদারের ইনচার্জ

সিটি করপোরেশনের একটি সূত্র বলছে, ইজারাদারকে কিছু সুবিধা দিতেই অভ্যন্তরীণভাবে দোকান নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। কারণ, ইজারা দেওয়ার সময় টার্মিনালে প্রায় ২ হাজার ৬০০ গাড়ি (বাস ও মিনিবাস) আছে বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু ইজারাদার সেখানে ১ হাজার ৭০০টির মতো গাড়ি পেয়েছেন। এতে প্রতিদিন ইজারাদারের অনেক টাকা লোকসান হচ্ছে।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালের পেছনে দক্ষিণ-পশ্চিম দিকে সীমানাদেয়াল ঘেঁষে দোকান নির্মাণের কাজ চলছে। দোকানের জন্য কংক্রিটের দেয়াল তোলার কাজ প্রায় অর্ধেক হয়েছে। সেখানে ১৩টি দোকান নির্মাণ করতে দেখা গেছে।

কাজের তদারককারী ইজারাদারের প্রতিনিধি আল আমিন হোসেন বলেন, ইজারাদারের নির্দেশে দোকান বানানো হচ্ছে। বিস্তারিত জানতে তিনি টার্মিনালে ইজারাদারের ইনচার্জ কামাল হোসেনের সঙ্গে কথা বলতে বলেন।

টার্মিনালে ইজারাদারের ইনচার্জ মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, করপোরেশনে আবেদন করা হয়েছে। তবে এখনো অনুমতি পাইনি। তিনি আরও বলেন, টার্মিনালের ওই অংশ নোংরা ছিল। রাতে মাদক সেবন ও অনৈতিক কাজ চলত। অনেকে শৌচ কাজও করতেন। সেটা পরিষ্কার করা হয়েছে। এখন জায়গাটি সংরক্ষণ করতেই দোকান করা হচ্ছে। করপোরেশন অনুমতি দিলে চালু হবে।

তাঁরা (ইজারাদার) মৌখিকভাবে প্রস্তাব করেছিলেন। তখন লিখিত আবেদন করতে বলা হয়। তবে অনুমতি দেওয়া হয়নি।
মো. আতিকুল ইসলাম মেয়র, ডিএনসিসি

ইজারা পাওয়া রাফি ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত হোসেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য গাজি হাফিজুর রহমানের শ্যালক। আর রাফি ট্রেডার্স নামকরণ হাফিজুর রহমানের বড় ছেলে রাফির নামে করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে লিয়াকতের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

তবে দোকান নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি জানিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে মঙ্গলবার বলেন, এটা শতভাগ অবৈধ। এগুলো ভেঙে দেওয়া হবে। পরিবহন বিভাগের মহাব্যবস্থাপককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে বলেও তিনি জানান।

মেয়র মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা (ইজারাদার) মৌখিকভাবে প্রস্তাব করেছিলেন। তখন লিখিত আবেদন করতে বলা হয়। তবে অনুমতি দেওয়া হয়নি। ইজারাদারের কাজটি অবৈধ হলে ভেঙে ফেলা হবে বলেও তিনি জানান।