পার্কে যুবলীগ নেতার রিকশার গ্যারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকশীবাজারের পাশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের একমাত্র শিশুপার্কটি এমনই বেহাল। পার্কে গড়ে তোলা হয়েছে রিকশা-ভ্যানের গ্যারেজ। সেখানে শিশুদের খেলাধুলার কোনো পরিবেশ নেই l প্রথম আলো
বকশীবাজারের পাশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের একমাত্র শিশুপার্কটি এমনই বেহাল। পার্কে গড়ে তোলা হয়েছে রিকশা-ভ্যানের গ্যারেজ। সেখানে শিশুদের খেলাধুলার কোনো পরিবেশ নেই l প্রথম আলো

প্রাচীরের গায়ে শ্বেত পাথরের নামফলকে ছোট্ট করে লেখা ‘শিশু পার্ক’। কিন্তু ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে গোটা পঞ্চাশেক রিকশা-ভ্যান। আছে ফুচকা-চটপটির বেশ কয়েকটি পরিত্যক্ত ভ্যান। দুই দলে বিভক্ত হয়ে তাস খেলছেন কয়েকজন। তাঁদের সবার হাতেই সিগারেট। আর পার্কের চিহ্ন বলতে কয়েকটি স্লিপারের জং ধরা রড।

১০ অক্টোবর বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের একমাত্র শিশু পার্কে গিয়ে দেখা যায় এই চিত্র।

স্থানীয় লোকজন বলেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জসিম পার্কটি দখল করে ভ্যান-রিকশার গ্যারেজ করেছেন। পার্কের সামনের রাস্তাও রিকশার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। গ্যারেজ থেকে মোটা অঙ্কের টাকা আয় করেন এলাকায় জসিম ভাই নামে পরিচিত যুবলীগের এই নেতা।

স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু গ্যারেজ নয়, সকালে-বিকেলে পার্কে নিয়মিত গাঁজার আসর বসে। জুয়া খেলা চলে। বিকেলের আসর চলে মধ্যরাত অবধি। সেখানে মাদকের সঙ্গে গান-বাজনাও চলে। তাঁরাবলেন, পার্কটি দখল হয়ে যাওয়ায় এলাকার শিশু-কিশোরেরা খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

ওয়ার্ডেকম-বেশি ১২ লাখ মানুষের বসবাস। এর মধ্যে শিশু-কিশোরের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের বিনোদনের একমাত্র স্থানের এমন পরিণতিতে এলাকাবাসী হতাশ এবং ক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, পার্কের দখলকারী জসিম ক্ষমতাসীন দলের সদস্য, পাশাপাশি প্রভাবশালী হওয়ায় তাঁদের প্রতিবাদ করার সাহস নেই। একজন বললেন, ‘জসিম ভাই যা-ই করুন না কেন, কেউ প্রতিবাদ করতে সাহস পান না।’ পাশ থেকে আরেকজন বলেন, ‘জান-মালের ডর তো সবারই থাকে।’ আরেকজন আবার টিপ্পনীর সুরে বলেন, ‘মিডিয়া-টিডিয়ায় লিখে পার্কের হাল ফেরানো যাবে না। তাঁর অনেক ক্ষমতা।’

এলাকার লোকজন বলেন, সাধারণ মানুষ পার্কটিতে যায় না। শিশুদেরও যেতে দেন না। এমনকি এই প্রতিবেদক পার্কটিতে প্রবেশ করতে চাইলে কয়েকজন তাঁকে নিষেধ করেন।

সরেজমিনে দেখা গেছে, দোলনাবিহীন তিনটি স্ট্যান্ড আর জং ধরা স্লিপারের তিনটি ‘কঙ্কাল’ দাঁড়িয়ে আছে। পার্কজুড়ে ময়লা-আবর্জনা। সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে সিগারেটের খোসা, সিরিঞ্জ, বিভিন্ন রকম পানীয়ের বোতল।

শিশু পার্কটির একপাশে আলিয়া মাদ্রাসা, অন্যপাশে আবাসিক এলাকা। আবার পার্কের সীমানার মধ্যেই নগর স্বাস্থ্যকেন্দ্র এবং শরীরচর্চা কেন্দ্র। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, কেন্দ্রটিতে নারী ও শিশুরা বেশি চিকিৎসা নিতে আসে। অনেক সময় চিকিৎসার জন্য তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও ‘পরিবেশগত কারণে’ তাঁরা বের হতে পারেন না। পাশাপাশি এলাকার অনেকে এখানে চিকিৎসা নিতে আসতেও নিরাপদ বোধ করেন না। এ ছাড়া কেন্দ্রের সামনের খালি অংশে ভ্যান-রিকশা রাখায় চলাচলেও সমস্যা হয়।

এখানে ভ্যান রাখেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মাসিক ৪০০ টাকা ভাড়ায় ভ্যান রাখেন তাঁরা। রিকশার মাসিক ভাড়া কিছুটা বেশি। আর পার্ক এবং রাস্তা মিলিয়ে কম-বেশি ৪০০ রিকশা-ভ্যান রাখা হয়।

১০ বছর ধরে গ্যারেজের দেখাশোনার দায়িত্বে আছেন মো. কালু মিয়া। তিনি গ্যারেজ সম্পর্কে কোনো কথা না বলে মো. জসিমের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

স্থানীয় কাউন্সিলর প্রশাসন ও স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে বেশ কয়েকবার পার্কটি দখলমুক্ত করেছিলেন। এমনকি পার্কে রিকশা-ভ্যানের প্রবেশ ঠেকাতে ফটকে লোহার পাইপও বসানো হয়েছিল। কিন্তু কিছুদিন না যেতেই আবার পার্কটি দখল হয়ে যায়।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ওমর-বিন-আব্দাল-আজিজ বলেন, ‘গত আড়াই বছরে তিনবার পার্কটি দখলমুক্ত করেছি। কিন্তু কয়েক দিন যেতেই আবার দখল হয়ে যায়।’ মেয়রের বরাত দিয়ে কাউন্সিলর বলেন, তিন মাসের মধ্যে পার্ক দখলমুক্ত করা হবে। তিনি বলেন, এটিকে ইকো পার্ক করার বিষয়টি প্রক্রিয়াধীন।

যুবলীগের নেতা মো. জসিমের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জানতে চাইলে যুবলীগের নেতা মো. জসিম বলেন, ‘আমি ছাড়া আরও কয়েকজন এই গ্যারেজের মালিক। আমার নিজের মাত্র ৩৫টি রিকশা আছে।’ ভ্যান-রিকশার মালিকদের কাছ থেকে ভাড়া আদায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়ি দেখাশোনার জন্য লোক আছে। তাঁকে তো বেতন দিতে হয়।’ অবৈধ দখলদারদের উচ্ছেদের পর পার্ক আবার দখল হয়ে যাওয়া সম্পর্কে মো. জসিম বলেন, এটা কাউন্সিলরের ব্যর্থতা।