পার্কের মনোরম পরিবেশে অন্য রকম ইফতার
খোলা আকাশের নিচে গাছগাছালিঘেরা মনোরম পরিবেশে ইফতার করার মজাই অন্য রকম। তবে ইট-পাথরের শহরে এমন সুযোগ সবার হয় না। তাই সময় পেলে অনেকেই ইফতার করার জন্য ছুটে আসেন পার্কে।বেশির ভাগ ক্ষেত্রে আগে থেকে সময় নির্ধারণ করে কেউ পার্কে ইফতার করতে আসেন না। দুপুর কিংবা বিকেল থেকে পার্কের ভেতরে সময় কাটানো লোকজনই সেখানে ইফতার করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরাই বেশির ভাগ ক্ষেত্রে পার্কে ইফতার করেন।রমনা পার্কে গতকাল বুধবার বান্ধবীকে নিয়ে ইফতার করছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্লাস, পরীক্ষা নিয়ে সব সময় ব্যস্ত থাকতে হয়। এ জন্য বাইরে ইফতার করা সম্ভব হয় না। তাই বান্ধবীকে নিয়ে ইফতার করতে এসেছি।’ পাশে থাকা সাইফের বান্ধবী জানান, বিকেল থেকেই দুজনে পার্কে সময় কাটাচ্ছেন। ইফতারের সময় হওয়ায় এখানে ইফতার সারছেন তাঁরা।পুরো রমনা পার্কেই এমন জোড়ায় জোড়ায় ইফতারের দৃশ্য চোখে পড়ে। ইফতারের সময় হওয়ায় কেউ পার্কের বাইরে বসা ভ্রাম্যমাণ ইফতারের দোকান থেকে ইফতার কিনে এনেছেন, কেউবা অন্য রেস্তোরাঁ থেকে ইফতারসামগ্রী কিনে পার্কে ঢুকেছেন। আবার কেউবা বাসা থেকে ইফতার তৈরি করে এনেছেন।অনেকটা একই চিত্র সোহরাওয়ার্দী উদ্যানেও। উদ্যানজুড়েই বিশেষ করে ভেতরের কৃত্রিম লেকটির চারপাশে নানা বয়সী মানুষের ইফতারির দৃশ্য সত্যিই অন্য রকম। লেকের পাশে ঘাসের ওপর বসে ইফতার করছেন—এমন মানুষের সংখ্যাও কম নয়।ঢাকা কলেজের পাঁচজন ছাত্র আগে থেকেই পরিকল্পনা করে এখানে ইফতার করতে এসেছেন। বেলা তিনটা থেকে টিএসসিতে আড্ডা দিয়েছেন। ইফতারের ঠিক আগমুহূর্তে পার্কের গেটের ভ্রাম্যমাণ দোকান থেকে ইফতারি কিনে ভেতরে ঢুকেছেন।তাঁদের একজন শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘প্রতিবছরই দু-এক দিন আমরা এই পার্কের ভেতরে ইফতার করি। আগের বছরগুলোতে আরও বন্ধু থাকে। কিন্তু এবার নানা কাজে কয়েকজন আমাদের সঙ্গে যোগ দিতে পারেনি। ওরা এলে আরও ভালো লাগত।’শুধু তরুণ-তরুণীরাই নন, বিবাহিত, মধ্যবয়সী লোকজনও এখানে ইফতার করতে আসেন। এমনকি পরিবারের সদস্যদের নিয়েও পার্কে ইফতার করতে এসেছেন কেউ কেউ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরিফ হোসেন পার্কে ইফতার করতে এসেছেন স্ত্রী ও তিন বছর বয়সী মেয়েকে নিয়ে। আশরাফুল ইসলাম নামের আরেকজন এসেছেন স্ত্রীকে নিয়ে। তাঁরা জানান, প্রতিদিনই বাসায় ইফতার করতে হয়। একটু বৈচিত্র্য আনার জন্যই তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে পার্কে এসেছেন।সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত লোকজনকেও একসঙ্গে গোল হয়ে বসে ইফতার করতে দেখা গেছে। তাঁদের একজন নাসির উদ্দিন বলেন, ‘সব সময় আমাদের মধ্যে দেখা হয় না। তাই ইফতারের মাধ্যমে আমরা একত্র হয়েছি।’