পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আদিবাসী শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাস ঘুরে তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জুয়েল চাকমা বলেন, পাহাড়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। উগ্র সাম্প্রদায়িকতা ও আদিবাসীদের বিলুপ্ত করার চেষ্টার হুমকিতে পাহাড়িরা নিরাপত্তাহীনতায় ভুগছে।তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধে কেবল বাঙালিদের অংশগ্রহণই ছিল না, আদিবাসীরাও এতে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন। সাংগঠনিক সম্পাদক মস্তু মারমা বলেন, পাহাড়ি-বাঙালিদের সাম্প্রদায়িকতা উসকে দিতে পাহাড়ে সেনা মোতায়েন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।সমাবেশে অন্যদের মধ্যে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চলা চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত ধামাই প্রমুখ বক্তব্য দেন।