বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘পার্বত্যবাসীর সঙ্গে রাষ্ট্রের অর্থবহ সেতুবন্ধ গড়ে তুলতে হবে। আলাপ-আলোচনা এবং পারস্পরিক আস্থা ও সমঝোতার মধ্য দিয়ে নিশ্চয় আমরা আগামী দিনে পার্বত্যবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’ মন্ত্রী বলেন, পাহাড়ের অধিবাসীদের অবহেলা ও বঞ্চনা করে এবং পেছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল নিয়ে পার্বত্য এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে গতকাল রোববার ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই আলোচনার আয়োজন করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিমানমন্ত্রী বলেন, ‘আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। আদিবাসীরা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের দেশকে আদিবাসীরা তাঁদের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ করেছেন। আমরা সকল নাগরিকের জন্য বাসযোগ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি যেখানে পার্বত্যবাসীরাও অধিকার ও মর্যাদা নিয়ে এগিয়ে যাবে।’
সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। বিজ্ঞপ্তি