জাল নোটসহ গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নারী শামীম নাজের স্বামী করিম মোহাম্মদ আলী নূরানিকে (৫৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে ৪৮ লাখ ভারতীয় জাল রুপিসহ শামীম নাজকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি পুলিশের কাছে স্বীকার করেন, তাঁরা স্বামী-স্ত্রী বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিভিন্ন স্থানে জাল নোটের ব্যবসা করেন। তাঁর স্বামী এর আগেও ছয়-সাতবার বাংলাদেশে এসেছিলেন। এরপর তাঁর স্বামীর খোঁজে অনুসন্ধান চালানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত ১০টার দিকে ইমিগ্রেশন পুলিশ করিমকে আটক করে গোয়েন্দা পুলিশে খবর দেয়। গোয়েন্দা পুলিশ বিমানবন্দরে গিয়ে কাগজপত্র ও ছবি মিলিয়ে তাঁকে শনাক্ত করার পর গ্রেপ্তার করে। তবে তাঁর কাছ থেকে কিছু পাওয়া যায়নি।পুলিশ সূত্র জানায়, শামীম নাজ ও করিমের বাড়ি পাকিস্তানের করাচিতে। জাল নোটের ব্যবসার অভিযোগে ২০০৯ সালে করিমের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা রয়েছে। তাঁরা দুজনই পাকিস্তানের বড় একটি চক্রের সদস্য। চক্রটি জাল নোট তৈরি করে সহযোগীদের দিয়ে বিভিন্ন দেশে বিপণন করে থাকে।পুলিশ জানায়, শামীম নাজকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছিল। আজ রিমান্ডের মেয়াদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।গ্রেপ্তার সাতজন: ডিবি সূত্র জানায়, গত ১৪ অক্টোবর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে প্রায় ৩০ লাখ টাকার জাল নোট, সরঞ্জামসহ হুমায়ুন কবীর (৩৫) এবং তাঁর সহযোগী আবুল খায়ের (৪০) ও মো. পলাশকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ১৮ অক্টোবর কাঁঠালবাগান, দক্ষিণখান ও খিলক্ষেত থেকে দেশি-বিদেশি মিলিয়ে ৮০ লাখ টাকার জাল নোট, সরঞ্জামসহ সাইফুল ইসলাম, সুমন, আলাউদ্দিন ও তাঁর স্ত্রী শাহীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। এই চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কলাবাগান ও দক্ষিণখান থানায় দুটি মামলা হয়। এই দুটি মামলায় মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া তিনজনকেও আসামি করা হয়। এই সাতজনকে আদালতে পাঠানো হলে কলাবাগান থানার মামলায় করা সাতজনের চার দিন করে ও দক্ষিণখান থানার মামলায় প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম ও জনসেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, আজ রোববার রিমান্ড শেষে তাঁদের আদালতে পাঠিয়ে আবার রিমান্ডের আবেদন করা হবে।