পাসপোর্ট ও ভিসা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-৩ এর সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড়ের একটি বাসা থেকে ১৭৫টি পাসপোর্ট, জাল ভিসা তৈরির ২০টি সিল, বিপুল পরিমাণ জাল ভিসা এবং ভিসা তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম কামরুল বাশার কমল (৩২)। তাঁর বাড়ি বগুড়া সদর থানার চেলোপাড়ায়। র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা তাজমহল রোডের একটি বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। সেখান থেকেই কামরুল বাশারকে গ্রেপ্তার করা হয়। বাসায় তল্লাশি করে ১৭৫টি বাংলাদেশি পাসপোর্ট, মালয়েশিয়া দূতাবাসের জাল ভিসার সিল, থাইল্যান্ড ও মালয়েশিয়া দূতাবাসের মনোগ্রাম সংবলিত সিল, বাংলাদেশের মনোগ্রামযুক্ত সিলসহ ভিসা তৈরির কাজে ব্যবহূত ২০টি সিল, বিভিন্ন রং, পাসপোর্ট চেকিং লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর কামরুল র‌্যাবকে জানান, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ায় ছিলেন। সেখানেই জাল ভিসা তৈরির নিয়ম সম্পর্কে ধারণা পান। এরপর ২০০৭ সালে দেশে ফিরে এসে জাল ভিসা তৈরির সরঞ্জাম কিনে ব্যবসা শুরু করেন। কামরুল জানান, শ্রমিক হিসেবে মালয়েশিয়া গিয়ে তিনি প্রথমে কিছু দিন হোটেলে কাজ করেন। ওই সময় রাজা মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। রাজা মিয়া তাঁকেই জাল ভিসা তৈরির কৌশল শিখিয়ে দেন। ২০০৭ সালে রাজা মিয়া সেখানে সড়ক দুর্ঘটনায় মারা গেলে কামরুলের ব্যবসায় ভাটা পড়ে। এরপর তিনি দেশে আসার পরিকল্পনা নেন। র‌্যাব-৩-এর পরিচালক মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী জানান, কামরুলের সঙ্গে আদম পাচারকারী চক্রের যোগাযোগ আছে। ইতিমধ্যে ছয়টি ট্রাভেল এজেন্সিকে শনাক্ত করা হয়েছে। তারা জাল ভিসায় বিদেশে লোক পাঠিয়েছে। বিদেশে যাওয়ার পর ওই সব লোক এখন কারাগারের বন্দী আছে।