পাসের হার বৃদ্ধি মানে শিক্ষার মান কমা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাসের হার বেড়ে যাওয়া মানে শিক্ষার মান কমে যাওয়া নয়। এসব কথা বলে শিক্ষার্থীদের নিরুৎসাহিত না করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, কোনো মা-বাবা তাঁর ছেলেমেয়েদের ফেল করাতে স্কুলে পাঠান না। যাঁরা এসব কথা বলছেন, তাঁদের চেয়ে এখনকার ছেলেমেয়েদের মান অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।গতকাল মঙ্গলবার সকালে সিরডাপ মিলনায়তনে ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে মাতৃভাষাভিত্তিক প্রাথমিক শিক্ষার অবস্থা বিশ্লেষণ ও করণীয় নির্ধারণ’ বিষয়ে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। দুই দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন। ‘শিক্ষা বাজারের পণ্য নয়’—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাজারে কোনো একটি জিনিসের সরবরাহ বেশি হলে দাম কমে যায়। কিন্তু শিক্ষার সঙ্গে এটিকে মেলানো ঠিক নয়। মন্ত্রী বলেন, আমাদের শিক্ষার মান খুব ভালো নয়। প্রচলিত শিক্ষাব্যবস্থা দিয়ে বাংলাদেশের মৌলিক কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন আনতে হলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে। এ সময় মন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে বই পায়, ১ ফেব্রুয়ারি এসএসসি, ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরেছে দাবি করে তিনি বলেন, এখন নকল করে ও গাইড বই পড়ে পাস করার সুযোগ নেই।শিক্ষামন্ত্রী বলেন, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে অন্তত তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রতিটি শিশু যাতে তার মাতৃভাষায় পড়াশোনা করতে পারে, সরকার সে ব্যবস্থা নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামালের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক সৌরভ সিকদার। মূল প্রবন্ধে বলা হয়, সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় বর্তমানে বাংলাদেশে ৯৭ ভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এর হার ২০১৫ সালে ১০০ ভাগ হবে বলে আশা করা হচ্ছে। তবে আদিবাসী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার হার অনেক কম, পার্বত্য চট্টগ্রামে ৬৭ আর সমতলে ৫৩ ভাগ। ঝরে পড়ার হার আদিবাসীদের মধ্যে ৩০-৩৩ ভাগ বেশি। এর মধ্যে আবার ৩৫ ভাগ ঝরে যায় ভাষার কারণে। সভার দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন জানান, ২০১৪ সাল থেকে ছয়টি আদিবাসী ভাষায় প্রাথমিক স্তরের পাঠ্যবই চালু করা হচ্ছে। বিভিন্ন অধিবেশনে আলোচনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক জিনাত ইমতিয়াজ আলী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাসুদেব আচার্য, সেভ দ্য চিলড্রেনের ম. হাবিবুর রহমান প্রমুখ।