পাহাড়ধস বন্ধ ও জলাবদ্ধতা নিরসনে বাপার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধস বন্ধে ১০টি এবং জলাবদ্ধতা নিরসনে সাতটি সুপারিশ দিয়েছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব সুপারিশ তুলে ধরা হয়। পাহাড়ধস বন্ধের সুপারিশে বলা হয়, সরকারিভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসবাসরত অধিবাসীদের অবিলম্বে নিরাপদ স্থানে পুনর্বাসন করতে হবে। পাহাড়ের ঢালে বাস করা বাসিন্দাদেরও পুনর্বাসন করতে হবে। সুপারিশে পাহাড় কাটা বন্ধে আইন কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়।জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলিসহ চট্টগ্রামের ছোট-বড় ছড়া, নদী, জলাশয় দখলমুক্ত করা, দূষণ রোধ এবং এসব জায়গায় আবর্জনা নিক্ষেপ বন্ধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ভরাট হয়ে যাওয়া নদী, খাল ও জলাশয় সংস্কার, বহদ্দারহাট থেকে কর্ণফুলির মোহনা, বিপ্লব উদ্যান থেকে বহদ্দারহাট ও চাক্তাই খাল ডাইভারশনসহ বিশেষ করে চট্টগ্রামের পূর্বাংশে নতুন খাল খননের সুপারিশ করা হয়। ‘চট্টগ্রামের পাহাড়ধস ও জলাবদ্ধতা’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার সভাপতি এ এস এম শাহজাহান। মূল বক্তব্য দেন যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব। এ ছাড়া সাধারণ সম্পাদক আবদুল মতিন ও নির্বাহী সদস্য সৈয়দা জেরিনা হোসেন বক্তব্য দেন। এ এস এম শাহজাহান বলেন, নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের কারণেই সম্প্রতি পাহাড়ধসের প্রাণহানি ঘটেছে। কিছু স্বার্থান্বেষী ও লোভী মানুষের কারণেই পাহাড়ি এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জেরিনা হোসেন বলেন, সম্প্রতি চট্টগ্রামে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা প্রাকৃতিকভাবে সৃষ্ট ঘটনা নয়। এই জলাবদ্ধতার জন্য নগরের অপ্রতুল পানিনিষ্কাশনব্যবস্থা দায়ী। তিনি ভবিষ্যতে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধস মোকাবিলায় একটি বিশদ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।