পি কে হালদারের মামাতো ভাই রিমান্ডে
অর্থ পাচার মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারীকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ এই আদেশ দেন। শঙ্খ ব্যাপারীর গ্রামের বাড়ি বাগেরহাটে।
এর আগে গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তার করে দুদক। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে দুদক।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, আসামি শঙ্খ ব্যাপারী পি কে হালদারের মামাতো ভাই। তিনি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পি কে হালদারের অবৈধ উপায়ে অর্জিত অর্থ হস্তান্তর ও রূপান্তরের সহযোগী শঙ্খ ব্যাপারী।
আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, শঙ্খ ব্যাপারী এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন। তিনি পি কে হালদারের ব্যবসায়িক অংশীদার।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন আদালতে দেওয়া লিখিত প্রতিবেদনে জানান, পি কে হালদার অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রম চালিয়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন। আসামি শঙ্খ ব্যাপারী পি কে হালদারের নিকট আত্মীয়। তিনি ২ কোটি টাকার তথ্য গোপন করেছেন। পি কে হালদার তাঁর অবৈধ উপায়ে অর্জিত অর্থ শঙ্খ ব্যাপারীর নামে দিয়ে আরও অর্থ উপার্জন করেছেন। জানা যায়, পি কে হালদার বিদেশে পালিয়ে আছেন। আসামি শঙ্খ ব্যাপারীও বিদেশে পালানোর চেষ্টা করেন।
এর আগে গত বছরের ৮ জানুয়ারি প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তাঁর বিরুদ্ধে ১ হাজার ৬৩৫ কোটি টাকা পাচারের অভিযোগও আনা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, পি কে হালদার ও তাঁর বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের হিসাবে ১ হাজার ২০০ কোটি টাকা, পি কে হালদারের হিসাবে ২৪০ কোটি টাকা এবং তাঁর মা লীলাবতী হালদারের হিসাবে জমা হয় ১৬০ কোটি টাকা। এসব হিসাবে এখন ১০ কোটি টাকার কম জমা আছে।
পি কে হালদার শুধু ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ২ হাজার কোটি টাকার বেশি অর্থ বের করে নিয়েছেন বলে জানা গেছে। তাঁর দখল করা প্রতিষ্ঠান চারটি হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। এর মধ্যে গত বছরের জুলাইয়ে পিপলস লিজিং অবসায়নের জন্য অবসায়ক নিয়োগ করা হয়েছিল।
চারটি প্রতিষ্ঠান দখলে নিলেও কোনো প্রতিষ্ঠানেই পি কে হালদারের নিজের নামে অংশিদারত্ব নেই। পি কে হালদারের জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে। বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার ও মা লীলাবতী হালদার। তাঁর মা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পি কে হালদার ও প্রিতিশ কুমার হালদার—দুই ভাই-ই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ব্যবসায় প্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন।
২০০৮ সাল পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে উপব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক ছিলেন পি কে হালদার। ১০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়েই ২০০৯ সালে তিনি রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হয়ে যান। এরপর ২০১৫ সালের জুলাইয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি পদে যোগ দেন।
অনুসন্ধানে জানা গেছে, দুই ভাই মিলে ভারতে হাল ট্রিপ টেকনোলজি নামে কোম্পানি খোলেন ২০১৮ সালে। যার অন্যতম পরিচালক প্রিতিশ কুমার হালদার। কলকাতার মহাজাতি সদনে তাঁদের কার্যালয়। আর কানাডায় পিঅ্যান্ডএল হাল হোল্ডিং ইংক নামে কোম্পানি খোলা হয় ২০১৪ সালে। যার পরিচালক পি কে হালদার, প্রিতিশ কুমার হালদার ও তাঁর স্ত্রী সুস্মিতা সাহা। কানাডা সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কানাডার টরন্টোর ডিনক্রেস্ট সড়কের ১৬ নম্বর বাসাটি তাঁদের।