পিককের মদ-বিয়ার জব্দ, মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের পিকক বারে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে পিকক হোটেল লিমিটেডে অভিযান চালিয়ে ‘কোটি টাকা’ দামের বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার ও মদ জব্দ করেছে র‍্যাব। অভিযানে হোটেলের চার কর্মচারীকে আটক করা হয়েছে।

র‍্যাব-৪–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম বুধবার রাতে প্রথম আলোকে জানিয়েছেন, অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে পিকক বারের মালিক, বাড়ির মালিকসহ অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করার প্রক্রিয়া চলছে।

আগের দিন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শাহবাগের নবাব হাবিবুল্লাহ সড়কে হোটেল পিককে অভিযান শুরু করেন র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। ভোররাত ৩টা পর্যন্ত ওই অভিযান চলে।

পরে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেলের চতুর্থ তলায় কর্মচারীদের শয়নকক্ষ, ভবনের বিভিন্ন কক্ষ থেকে ১১৫ বোতল বিদেশি মদ, ১ হাজার ৪২৮ বোতল দেশি মদ, ২ হাজার ৪৯৬ ক্যান বিদেশি বিয়ার ও ১ হাজার ৪১৬ ক্যান দেশি বিয়ার জব্দ করা হয়। এ সময় বারের কর্মচারী মজিবুর রহমান, লিটন, ওলিউর রহমান ও জহিরুল ইসলামকে আটক করা হয়।

অভিযান চলাকালে মঙ্গলবার রাত ১১টার দিকে র‍্যাবের একজন মুখপাত্র প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা পিকক বারের মালিক এবং ওই জায়গার মালিককে ডেকে পাঠিয়েছেন।

পরে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, পিকক বারের মালিকের নাম ফিরোজুর রহমান। ফিরোজুরসহ বাড়ির মালিককে ডাকা হলেও তাঁরা আসেননি। ভবনের বিভিন্ন স্থানে দেশি-বিদেশি মাদকদ্রব্য মজুত করে অবৈধভাবে বিক্রির অভিযোগে বারের মালিক, বাড়ির মালিক, বারের ব্যবস্থাপকসহ অন্যদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।