পিটুনিতে আহত দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মারধরে আহত দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এক ইনস্যুরেন্স কর্মকর্তাসহ তিনজনের অপমৃত্যু হয়েছে। গতকাল শনিবার একটি বেসরকারি হাসপাতালে মারা যান মারধরে আহত জাবেদ আলী (২০)। সপরিবারে আজিমপুরের বাসিন্দা জাবেদ নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। জাবেদের বাবা আলী আকবর প্রথম আলোকে বলেন, ৬ মার্চ জাবেদ আজিমপুর লেডিস ক্লাবসংলগ্ন মাঠে ক্রিকেট খেলতে যান। স্থানীয় কয়েক যুবক তাঁকে সেখানে খেলতে নিষেধ করে। এই নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ওই যুবকেরা তাঁকে বেদম পেটান। আহতাবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকালে জাবেদ মারা যান। এ ঘটনায় জাবেদের বাবা মামলা করেছেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইভাবে মারধরে আহত শাওন বেপারী (১৪) গত শুক্রবার রাতে উত্তরার একটি হাসপাতালে মারা গেছে। দক্ষিণখানের কাওলার একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র শাওন ওই এলাকায় পরিবারের সঙ্গে থাকত। শাওনের চাচা আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, ২ মার্চ শাওন বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে সোহান নামের একটি ছেলে তার মুঠোফোন কেড়ে নিয়ে ১০০ টাকা দাবি করে। শাওন বিষয়টি তাঁকে (আলমগীর) জানাবে বলে সতর্ক করলে সোহান মুঠোফোন দিয়ে চলে যায়। শাওন বাসায় ফেরার সময় সোহান, নাজমুল ও মেহেদী মিলে তাকে বেধড়ক পেটায়। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। আলমগীর বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। দক্ষিণখান থানার ওসি লোকমান হেকিম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনজনের অপমৃত্যু: সিদ্দিকুর রহমান (৪০) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা গতকাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্ত্রী কাকলী বেগম পুলিশকে জানিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়। সবুজবাগ থানার পুলিশ জানায়, গতকাল সকালে বৌদ্ধমন্দিরের ভেতরে একটি বিদ্যালয়সংলগ্ন পুকুরে ডুবে মারা যায় অঙ্কন বড়ুয়া (১০)। ঢাকা কলেজের পুকুরে ডুবে মারা যায় আল আমিন (১৫)। সে তাবলিগ জামাতের চিল্লায় ঢাকা কলেজসংলগ্ন মসজিদে এসেছিল। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।