পিটুনিতে আহত যুবকের মৃত্যু
রাজধানীর বাড্ডায় পিটুনিতে আহত জয়নাল আবেদীন (৩৫) নামের এক যুবক গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। সকালে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জয়নাল বাড্ডার জোয়ার সাহারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ওই এলাকায় তাঁর একটি মুদি দোকান আছে। গত ২৯ নভেম্বর রাত ১০টার দিকে তিনি দোকান থেকে বাসায় ফিরছিলেন। মাঝপথে স্থানীয় মেম্বার আক্তার হোসেন, মো. খোকন, মো. মাসুদসহ কয়েকজন তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর ওই দিনই তাঁকে সেখান থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। গতকাল সকাল আটটার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। জয়নালের ভাই ফরহাদ হোসেন অভিযোগ করেন, মারধরকারী ব্যক্তিরা স্থানীয় প্রতিটি দোকান থেকে নিয়মিত চাঁদা তোলে। কিন্তু জয়নাল চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরই জের ধরে ওই দিন তাঁকে পেটানো হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে কি না, তা জানা যায়নি। এ ব্যাপারে গতকাল দুপুরে জয়নালের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে মারধরকারী ওই ব্যক্তিরাসহ ছয়জন ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।