
‘পড়াশোনার জন্য সারা বছর আমরা ঢাকায় থাকি। এখন নাকি গ্রামের বাড়িতে শীতের পিঠা বানিয়েছেন দাদি-চাচিরা। কিন্তু স্কুল খোলা, তাই যেতে পারছি না। কিন্তু স্কুলে পিঠা উৎসব হওয়ায় সেই দুঃখ কিছুটা কমেছে।’ উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলছিল বনফুল আদিবাসী কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী নাফিসা তাসনীম। উচ্ছ্বাস থাকবেই না বা কেন? কারণ, মিরপুর ১৩ নম্বর সেকশনে এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিশাল মাঠে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে পিঠা উৎসব। চলবে কাল বুধবার পর্যন্ত।
তাই গ্রামে যেতে না পারার দুঃখ ভুলে মাঘের শীতের সকাল হতে না হতে মাঠে হাজির হাজার খানেক শিক্ষার্থী। ওদের হাতে ছিল ডালায় সাজানো নানা রকমের পিঠা। এর মধ্যে ছিল পাটিসাপটা, ভাপা, ঝিনুক, পুলি, খাঁজ পিঠা, ফুল পিঠা, কাটা পিঠা, মুগ পাকন, গোলাপ পিঠা, ঝাল পিঠাসহ হরেক রকমের পিঠার সম্ভার। সকালের শীতে তিনটি বড় স্টলে সেই সম্ভার সাজানোর সঙ্গে সঙ্গে পিঠাগুলো শেষ।
কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া বলেন, নগদ টাকায় কিনেই পিঠার স্বাদ নিতে হয়েছে ক্রেতাদের। অবশ্য তাঁদের বেশির ভাগই ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক। প্রতিটি পিঠার দাম ছিল ১০ থেকে ২০ টাকার মধ্যে।
কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মণ্ডল বলেন, পিঠা উৎসবের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গণিত অলিম্পিয়াড, আইটি, বিজ্ঞান ও বইমেলা চলছে। কলেজের চেয়ারম্যান ভেন প্রজ্ঞানন্দ মহাথের মেলার উদ্বোধন করেন। তাঁদের কলেজের ২ হাজার ২০০ শিক্ষার্থী উৎসবে অংশ নিচ্ছে।