পিডিবির সিবিএ নির্বাচন স্থগিত ঘোষণার দাবি
বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক-কর্মচারীদের সংযুক্ত দরকষাকষির এজেন্ট (সিবিএ) নির্বাচনকে কেন্দ্র করে সরকারদলীয় শ্রমিক সংগঠন বিরোধীদলীয় শ্রমিক সংগঠনের ওপর নিপীড়ন-নির্যাতনের পাশাপাশি হয়রানিমূলক বদলি করছে বলে অভিযোগ করেছে বিএনপিপন্থী সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুত্ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।এ অবস্থায় জাতীয় বিদ্যুত্ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ১১ ফেব্রুয়ারি নির্ধারিত সিবিএ নির্বাচন স্থগিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার পর পুনরায় নির্বাচনের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। নেতারা বলেন, আওয়ামী লীগের সরকার গঠনের পর পিডিবিতে দলীয়করণের প্রক্রিয়া শুরু করে। বিরোধীদলীয় শ্রমিক সংগঠনের ৭০ জন নেতা-কর্মীকে ইতিমধ্যে দূরবর্তী জেলাসমূহে হয়রানিমূলক বদলি করা হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও বিধি মোতাবেক প্রতিকার পাওয়া যাচ্ছে না। বরং কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের অসহায়ত্ব প্রকাশ করছে। অপর দিকে, সরকার সমর্থক সংগঠন পিডিবির সব দপ্তরে শ্রমিক-কর্মচারীদের একটিমাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষ এ ঘোষণা বাস্তবায়নে সহায়তা করছে বলে অভিযোগ করা হয়।সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাফরুল হাসান ও পিডিবির বর্তমান সিবিএর নেতারা উপস্থিত ছিলেন।