প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালে নারকীয় বিডিআর বিদ্রোহে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল রোববার বিকেলে পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীটির সদরে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, নিহত ব্যক্তির স্বজনেরা, পিলখানায় কর্মরত সব অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মচারীরা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল নারকীয় হত্যাকাণ্ড। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।