পীরেরবাগে ঠিকাদারকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ
ঢাকার মিরপুরের পীরেরবাগে গতকাল বুধবার ভোরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে রহস্যজনকভাবে পড়ে দেলোয়ার হোসেন নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। নিহতের স্ত্রীর অভিযোগ, বাসা থেকে ডেকে নিয়ে তাঁর স্বামীকে ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায়আলম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ঠিকাদার দেলোয়ার সপরিবারে ৯৯/২/৩ মধ্যপীরেরবাগে থাকতেন। মঙ্গলবার সেহিরর সময় আলম নামের স্থানীয় এক যুবক দেলোয়ারকে ডেকে নেন। আলম ও দেলোয়ার (৪৫) এলিট অ্যাপার্টমেন্ট নামে এক ভবনের তৃতীয় তলায় ওঠেন। এরপর ওই ভবনের লিফট বসানোর নিচতলার স্থান থেকে দেলোয়ারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শী কবির ও সোবহান মর্গে সাংবাদিকদের জানান, এলিট অপার্টমেন্টে তাঁরা নির্মাণশ্রমিকের কাজ করেন এবং ওই ভবনেই থাকতেন। দেলোয়ার ওই ভবনে ইট, বালু ও রড সরবরাহ করতেন। গত মঙ্গলবার সেহিরর সময় আলম বাসা থেকে দেলোয়ারকে ডেকে আনেন। তাঁরা পাশের দোকানে ডিম কিনতে যাওয়ার সময় দেখেন, দেলোয়ার ভবনটিতে উঠছেন। ডিম কিনে ফেরার পথে তাঁরা লিফট বসানোর স্থানে একটি ‘ঝুপ’ করে শব্দ পান। এরপর গিয়ে দেখেন দেলোয়ার পড়ে আছেন এবং ভবনটির তৃতীয় তলায় আলম পায়চারী করছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। মৃত দেলোয়ারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে হত্যার অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে।