পীরেরবাগের বউবাজারের নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পীরেরবাগের বউবাজারে বেচাকেনায় ব্যস্ত সবজি বিক্রেতা পারুল বেগম l প্রথম আলো
পীরেরবাগের বউবাজারে বেচাকেনায় ব্যস্ত সবজি বিক্রেতা পারুল বেগম l প্রথম আলো

ক্রেতার ফরমাশ অনুযায়ী সবজি মাপায় ব্যস্ত পারুল বেগম। ওজনে কম-বেশি যাতে না হয়, সেদিকে তীক্ষ্ণ নজর।

পারুল বেগম পশ্চিম শেওড়াপাড়ার পীরেরবাগের একটি বাজারে সবজি বিক্রি করেন। গত শুক্রবার কথা হয় তাঁর সঙ্গে।

স্থানীয়ভাবে বাজারটি বউবাজার বা অলি মিয়ার বাজার নামে পরিচিত। আর দশটি বাজার থেকে এটি আলাদা বৈশিষ্ট্যের। এই বাজারের বেশির ভাগ ব্যবসায়ী নারী।

নারী দোকানিরা বলেন, গৃহকর্ম বা অন্য কাজের তুলনায় এতে আয় বেশি। তাই তাঁরা এ কাজে যুক্ত হয়েছেন।

পারুল বেগম ১৫ বছর ধরে এই বাজারে সবজি বিক্রি করছেন। শেষ রাতে কারওয়ান বাজার থেকে পাইকারি দরে সবজি কিনে আনেন। আর বিক্রি শুরু করেন সকাল ৭টা থেকে। শেষ রাত ১১টায়। সবজি বাছাই ও গোছানোর কাজে সাহায্য করেন বড় ছেলে।

পারুল বেগম বলেন, স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেলে তিনি দুই ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েন। শুরু করেন বাসায় গৃহকর্মীর কাজ। কিন্তু সেই আয় দিয়ে বাসাভাড়া, সন্তানদের খরচ জোটানো কঠিন হয়ে যায়। পরে তিনি প্রতিবেশী আরেক নারী সবজি বিক্রেতার পরামর্শে এখানে দোকান নেন।

স্মৃতি হাতড়ে পারুল বেগম বলেন, প্রথম দিন তিনি ১০০ টাকার বাঁধাকপি কিনে ব্যবসা শুরু করেন। এখন প্রতিদিন ৫-৬ হাজার টাকার সবজি কেনেন। আয় মন্দ নয়। দোকান ভাড়া এবং অন্যান্য খরচ মিটিয়ে দিনে হাজারের ওপরে লাভ থাকে।

দুপুরবেলায় বাজারে ক্রেতার চাপ কিছুটা কম থাকে। এই সুযোগে শসা চিবাতে দেখা যায় আরেক সবজি বিক্রেতা জ্যোৎস্না বেগমকে। তিনি বলেন, কারওয়ান বাজার থেকে সবজি কিনে আনেন তাঁর স্বামী। এরপর তাঁর স্বামীর ছুটি। বিক্রির কাজটা করেন তিনি।

জ্যোৎস্না বলেন, পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ের বয়স আঠারো পেরিয়েছে। বড় মেয়ে তাঁকে সহায়তা করেন। তিনি বলেন, দিনে বিক্রি হয় ১০ হাজার টাকার মতো। সবজি বিক্রির আয়ে তাঁদের সংসার চলে।

বাজারের মোট ৩২টি সবজি দোকানের মধ্যে বেশির ভাগ দোকানের বিক্রেতা নারী। মা-মেয়ে দুজনই দোকান করেন এমনো আছে এখানে। মা হনুফা বেগম ১০ বছর ধরে এখানে সবজি বিক্রি করছেন। তাঁর স্বামী ভ্যানে সবজি বেচেন। তাঁদের একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বছর দুই আগে। মেয়ে সুমা আক্তারকে পাশের দোকানটি ভাড়া নিয়ে সবজি বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন হনুফা।

হনুফা বলেন, ‘মা-মাইয়া একসাতে দোকান করার অনেক সুবিদা আছে। আমি কোনো জাগায় গেলে মাইয়া আমার দোকান দ্যাখে। আবার ওরডা আমি।’

জানা গেছে, কয়েকজন নারী কারওয়ান বাজার থেকে সবজি কেনা থেকে শুরু করে বিক্রির কাজ—সবই করেন। কারওবা স্বামী বা ছেলে সবজি কেনার কাজটি করে দেন।

এই বাজারের অনেক সবজি বিক্রেতা নারীই সংসারের মূল বা একমাত্র উপার্জনকারী।

দোকানি স্ত্রী বাড়িতে দুপুরে খেতে গেছেন বলে দোকানে বসেছেন স্বামী দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘মহিলারাই তরকারি বেচাকেনার কাম ভালো পারে। আর আমি রাত জাইগ্যা মাল আইন্যা দেই। দিনে দোকানে বমু ক্যামনে?’

দিনের বেলায় তিনি উপার্জন করলে সংসারের আয় বাড়ত কি না—এই প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ‘ওর একলার কামাইতেই হইয়া যায়।’

নারীরা সবজি বিক্রি করায় ক্রেতা ও বাজারের অন্য দোকানিদের মধ্যে একধরনের স্বস্তি আছে। বাজারের মুদি ব্যবসায়ী রহমতউল্লাহ বলেন, ‘মহিলা ব্যবসায়ীরা ভালো। তারা মাপে কম দেন না। আর বেশি দামও রাখেন না।’

এই বাজার থেকে নিয়মিত সবজি কেনেন পারভেজ আলম। তিনি বলেন, ‘বেশির ভাগ মহিলা দোকানদার এক দামে সবজি বেচেন। এইটা ভালো লাগে।’